২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ প্রধানের ওপর হামলা পরিকল্পনা হয়েছে বিদেশে: আফগানিস্তান

আফগানিস্তানে শনিবারের বোমা হামলায় শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার নিহতের ঘটনার পরিকল্পনা বাইরে থেকে করা হয়েছে বলে অভিযোগ করেছেন আফগান কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 04:22 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

কাবুল, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে শনিবারের বোমা হামলায় শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার নিহতের ঘটনার পরিকল্পনা বাইরে থেকে করা হয়েছে বলে অভিযোগ করেছেন আফগান কর্মকর্তারা। ওই হামলার পেছনে জড়িত জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার জন্য আফগান নেতারা পাকিস্তানের প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন বলে মনে করা হচ্ছে। রোববার প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রধান মুখপাত্র ওয়াহিদ ওমর বলেন, আফগানিস্তানের কেউ এই হামলা চালায়নি। বাইরে থেকে এসব হামলার পরিকল্পনা হয়। সমস্ত আলামত তা-ই নির্দেশ করে। নিরাপত্তা ব্যবস্থা কোথায় শিথিল ছিলো তা অনুসন্ধানের চেষ্টা করছে আফগান সরকার। তাখার প্রদেশের গভর্নরের দপ্তরে শনিবারের ওই হামলায় উত্তর আফগানিস্তানের পুলিশ প্রধান জেনারেল মোহাম্মদ দাউদসহ সাতজন নিহত হয়। এর মধ্যে রয়েছে দুই আফগান পুলিশ এবং দুই জার্মান সেনা। কাবুল বরাবরই পাকিস্তান সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় ও মদদদানের অভিযোগ করে আসছে। ওমর বলেন, দেশের বাইরে জঙ্গিরা গোপন জায়গা থেকে নিজেরা সংঘবদ্ধ হচ্ছে, অস্ত্র জোগাড় করছে, ট্রেনিং নিচ্ছে এবং জঙ্গি হামলার পরিকল্পনা করছে। তার ফলে আফগানিস্তানকে মাশুল দিতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২২২০ ঘ.