২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকহীড মার্টিন-এ সাইবার হামলা

যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী লকহীড মার্টিন করপোরেশন সাইবার হামলার শিকার হয়েছে। লকহীডের তথ্য ব্যবস্থাপনা নেটওয়ার্কে গত সপ্তাহে এ হামলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ওয়াশিংটন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী লকহীড মার্টিন করপোরেশন সাইবার হামলার শিকার হয়েছে। লকহীডের তথ্য ব্যবস্থাপনা নেটওয়ার্কে গত সপ্তাহে এ হামলা হয়। সাইবার হামলা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে লকহীড বলেছে, তাদের নিরাপত্তা কর্মীরা খুব দ্রুতই হুমকি টের পেয়ে তা প্রতিহত করেছে। শনিবার লকহীডের মুখপাত্র জেনিফার হুইটলো বলেন, হামলার বিষয়টি জানা গেছে ২১ মে। এর প্রায় সঙ্গে সঙ্গেই সুরক্ষা ব্যবস্থা নেওয়ায় এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কোনো ক্রেতা, প্রোগ্রাম বা কর্মচারীর ব্যক্তিগত তথ্য হারিয়ে যায়নি। তিনি বলেন, তথ্য নেটওয়ার্কটি পুনরায় এর কর্মচারীদের ব্যবহার উপযোগী করে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে লকহীড। একইসঙ্গে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর শনিবার রাতে জানায়, কতখানি হামলা হয়েছে তা খতিয়ে দেখতে তারা লকহীডের সঙ্গে কাজ করে যাচ্ছে। লকহীড মার্টিন বিশ্বে জঙ্গি বিমান, যুদ্ধজাহাজসহ কোটি কোটি ডলারের অস্ত্র প্রযুক্তি সরবরাহকারী সর্ববৃহৎ প্রতিষ্ঠান। এফ-১৬, এফ-২২ এবং এফ-৩৩ জেটের মতো যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ তৈরি করে লকহীড করপোরেশন। পেন্টাগনে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহেও এক নাম্বারে আছে লকহীড। সাইবার হামলার ফলে পেন্টাগনের তেমন ক্ষতি হয়নি এবং নেতিবাচক কোনো প্রভাবেরও তেমন আশংকা নেই বলে জানিয়েছেন বিমান বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এপ্রিল কানিংহাম। তিনি হামলার প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলতে অস্বীকৃতি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/১৯১৩ ঘ.