২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার সঙ্গে থাকা রাফা সীমান্ত খুলে দিয়েছে মিশর

গাজার সঙ্গে থাকা রাফা সীমান্ত শনিবার স্থায়ীভাবে খুলে দিয়েছে মিশর। এর ফলে আরো বেশি ফিলিস্তিনি স্বাধীনভাবে সীমান্ত অতিক্রম করে মিশরে প্রবেশ করতে পারবে বলে বিবিসির এক খবরে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 08:59 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজার সঙ্গে থাকা রাফা সীমান্ত শনিবার স্থায়ীভাবে খুলে দিয়েছে মিশর। এর ফলে আরো বেশি ফিলিস্তিনি স্বাধীনভাবে সীমান্ত অতিক্রম করে মিশরে প্রবেশ করতে পারবে বলে বিবিসির এক খবরে জানানো হয়েছে। সীমান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফিলিস্তিনি নারী, শিশু ও চল্লিশোর্ধ বয়সের পুরুষেরা অবাধে মিশরীয় সীমান্ত অতিক্রম করতে পারবে। তবে ১৮ থেকে ৪০ বছর বয়স্ক পুরুষদের সীমান্ত অতিক্রম করতে হলে ভিসার প্রয়োজন হবে। সিদ্ধান্ত অনুসারে প্রতিদিন ৩শ' ফিলিস্তিনি সীমান্ত অতিক্রম করতে পারবে। এছাড়া শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সীমান্ত খোলা থাকবে বলে মিশর জানিয়েছে। তবে সীমান্ত খুলে দেওয়ায় গাজায় আরো অস্ত্র প্রবেশ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল। অবশ্য কঠোর তল্লাশি ব্যবস্থা থাকবে বলে মিশর নিশ্চত করেছে। ফিলিস্তিনের বিদ্রোহী গোষ্ঠী হামাস গাজার ক্ষমতা দখলের পর থেকে মিশর ও ইসরায়েল উপত্যকাটি অবরোধ করে রেখেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হুসনি মুবারক ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়ার পর ইসরায়েলের প্রতি মিশরীয় নীতির পরিবর্তন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫৩ ঘ.