ত্রিপোলি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ডাকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে এবার যোগ দিলো রাশিয়াও। গাদ্দাফির ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত বলেই মনে করে রাশিয়া।
তার বিদায়ের পট প্রস্তুত করার জন্য রাশিয়া সহায়তা করতেও প্রস্তুত বলে শুক্রবার জানিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
ফ্রান্সের দুভিলে জি-এইট সম্মেলনের ফাঁকে তিনি বলেন, "কর্নেল গাদ্দাফি তার নিজের কর্মকা-ের কারণেই ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন। এখন তার চলে যাওয়ার জন্য আমাদের সহায়ক ভূমিকা নিয়ে এগিয়ে আসা উচিত।
তিনি আরো বলেন, এক্ষেত্রে রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে।
এ প্রস্তাব দিয়ে লিবিয়া অভিযানের ক্ষেত্রে আগের অবস্থান থেকে সরে এলো রাশিয়া। গাদ্দাফিকে হঠাতে লিবিয়ায় পশ্চিমা হামলার শুরুতে এর সমালোচনা করেছিলো ক্রেমলিন।
রাশিয়ার এ অবস্থান পরিবর্তনের ফলে ন্যাটোর লিবিয়া অভিযান আরো গতি পাবে বলেই মনে করা হচ্ছে।
ন্যাটো গাদ্দাফির ৪১ বছরের শাসনাবসান ঘটানোর দৃঢ়প্রতিজ্ঞা নিয়েছে। প্রতিদিনই ত্রিপালিতে জোর হামলা চালানোর পাশাপাশি গাদ্দাফির অনুগত বাহিনীকে ধরাশায়ী করতে চাপ আরো বাড়ানোর পরিকল্পনা করছে ন্যাটো।
ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও সম্প্রতি বলেছেন, গাদ্দাফির ওপর চাপ কমবে না। তাকে ক্ষমতা থেকে সরানোর অভিযানের শেষ না দেখে ছাড়বেন না বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২১০৫ ঘ.
bdnews24