ইসলামাবাদ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানকে জঙ্গি দমনে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বলেন, জঙ্গি তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের চূড়ান্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার পর শুক্রবার প্রথম আকস্মিক সফরে পাকিস্তানে গিয়ে হিলারি আরো বলেন, "দ্বিপক্ষীয় সম্পর্ক এখন মোড় পরিবর্তনের এক বিশেষ মুহূর্তে পৌঁছেছে"।
বিন লাদেন হত্যাকা-ের পর হিলারিই পাকিস্তান সফরে যাওয়া সবচেয়ে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা।
পাকিস্তানে বিন লাদেনের গোপন উপস্থিতি এবং গোপন মার্কিন অভিযানে তাকে হত্যা করা নিয়ে দুপক্ষের অস্বস্তিকর সম্পর্ক মেরামতের পাশাপাশি জঙ্গিবাদ দমনে পাকিস্তানকে আরো চাপ দিতেই তার এ সফর।
"পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসলামাবাদের কাছে ওসামা বিন লাদেনের অবস্থান জানতেন এমন কোনো প্রমাণ নেই"--- ইসলামাবাদে পৌঁছেই একথার পুনরাবৃত্তি করে সম্পর্কে উত্তজনা প্রশমনের চেষ্টা নেন হিলারি।
আবার একইসঙ্গে তিনি এও বলেন, জঙ্গিবিরোধী লড়াইয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানির আরো বেশি কিছু করা উচিত।
সম্পর্ক মোড় পরিবর্তনের দ্বারপ্রান্তে পৌঁছার কারণে এ সফরের বিশেষ গুরুত্ব আছে উল্লেখ করে হিলারি সাংবাদিকদের বলেন, "সামনের দিনগুলোতে জঙ্গি দমনে পাকিস্তান সরকারের চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার দিকেই আমরা চেয়ে আছি।"
তবে এ চূড়ান্ত পদক্ষেপগুলো কি সে ব্যাপারে হিলারি ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
হিলারির সফরসঙ্গী হিসাবে পাকিস্তানে গেছেন মার্কিন সামরিক কর্মকর্তা জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেনও।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানির সঙ্গে বৈঠক করেন দুজনই।
বিন লাদেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের মিত্রতা এবং বিশ্বাসযোগ্যতায় সংশয় দেখা দেওয়ার পর দেশটিকে জঙ্গিদমনে অর্থ সহায়তা দেওয়া নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের প্রশ্নের মুখেও হিলারি ইসলামাবাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাওয়ার প্রয়োজনীয়তাকেই গুরুত্ব দিচ্ছেন।
তিনি বলেন, "অ্যাবোটাবাদে বিন লাদেনের উপস্থিতি নিয়ে ধাঁধাঁর জট খোলার চেষ্টা করছি আমরা। কিন্তু আমি আবারো জোর দিয়ে বলতে চাই, পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের কেউ লাদেনের অবস্থান জানতেন এরকম ধারণা করার কোনো কারণ একেবারেই নেই।"
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বন্ধন অটুট রাখতে ওয়াশিংটনের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে হিলারি বলেন, আফগানিস্তানে যে কোনো শান্তি চুক্তি পাকিস্তানের সহযোগিতা ছাড়া সফল হওয়া সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৬ ঘ.
bdnews24