দুভিল, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্সের দুভিলে শুক্রবার জি-এইট সম্মেলনে নেতারা আরব বিশ্বে গণতান্ত্রিক আন্দোলনে জোরালো সমর্থন দেওয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া উৎসাহিত করতে বড় অঙ্কের অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্মেলনের বিবৃতিতে বলা হয়েছে, "মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় পরিবর্তনের যে হাওয়া বইছে তা ঐতিহাসিক। বার্লিন প্রাচীরের পতনের পর ইউরোপে যে রূপান্তর ঘটেছে এর মধ্য দিয়েও তেমনকিছু ঘটার সম্ভাবনা আছে।"
এতে আরো বলা হয়, "আমরা জি-এইট এর সদস্যরা ইরানি জনগণ সহ আরবদের আশা আকাঙ্খাকে জোর সমর্থন জানাই।"
সম্মেলনের শেষ পর্যায়ে তিউনিসিয়া এবং মিশরের মতো দেশে সংস্কারের প্রতি সংহতি প্রকাশ করে জি-এইট নেতারা তাদের কাছ থেকে পাওয়া আর্থিক সহায়তার অনুরোধকে স্বাগত জানান।
মিশর এবং তিউনিসিয়ায় যথপোযুক্ত সংস্কার প্রচেষ্টা উৎসাহিত করতে দেশ দুটিকে ২০১১-২০১৩ সাল নাগাদ ৩ দশমিক ৫ বিলিয়ন ইউরোসহ প্রাথমিকভাবে ২ হাজার কোটি ডলার সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছেন নেতারা।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার যেসব দেশ স্বৈরশাসন ঝেড়ে ফেলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের পথে এগুবে তাদের অগ্রগতি ত্বরান্বিত করতে সুসম্পর্ক স্থাপন করাসহ উন্নয়ন তহবিল ও অর্থ সহায়তা যোগাতে নেতারা একমত হয়েছেন।
তিউনিসিয়ার অর্থমন্ত্রী জাল্লোউল আয়েদ বলেন, সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি মোট ৪ হাজার কোটি ডলারের অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে এ সহায়তায় সবার সম্মতি আছে কি না বা কোন কোন দেশগুলাকে এ অর্থ দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২২ ঘ.
bdnews24