২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্ষমতা ছাড়ুন': ইয়েমেনের প্রেসিডেন্টকে জি-এইট

ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ্েক ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জি-এইট নেতারা। ফ্রান্সের দুভিলে বৃহস্পতিবার জি-এইট সম্মেলনের শুরুতে তারা এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

দুভিল, ফ্রান্স, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ্েক ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জি-এইট নেতারা। ফ্রান্সের দুভিলে বৃহস্পতিবার জি-এইট সম্মেলনের শুরুতে তারা এ আহ্বান জানান। সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্স বলেছে, ইয়েমেনের প্রেসিডেন্টকে তার ৩৩ বছর শাসনের অবসান ঘটাতে হবে। ইয়েমেনে রাতভর যে সংঘর্ষ চলেছে আমরা তার নিন্দা জানাই। এ সংঘর্ষ ইয়েমেনে চলমান রাজনৈতিক অচলাবস্থারই ফল। আর এর জন্য প্রত্যক্ষভাবে দায়ী প্রেসিডেন্ট সালেহ। কারণ তিনি আরব উপসাগরীয় দেশগুলোর প্রস্তাবিত ক্ষমতা হস্তান্তর চুক্তি সই করতে অস্বীকৃতি জানিয়েছেন। ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, "আমরা প্রেসিডেন্ট সালেহ'র পদত্যাগের পক্ষেই সমর্থন দিয়ে যাবো। তিনি বরাবরই ক্ষমতা ছেড়ে দিতে রাজি হয়েও আবার বরাবরই তা করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।" জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সাতোরু সাতোহ'ও সালেহকে ক্ষমতা হস্তান্তর চুক্তি সই করার আহ্বান জানান। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও আরব বিশ্বের দেশগুলোতে বিক্ষোভকারীদের পক্ষ সমর্থন করে বলেন, এ সম্মেলন আরবদেরকে এ বার্তাই পৌঁছে দেবে যে, বিশ্ব তাদের পাশে আছে। তিনি বলেন, "আমি চাই খুব স্পষ্ট এবং সহজ এক বার্তা এ সম্মেলন থেকে বেরিয়ে আসুক। আর তা হচ্ছে, বিশ্বেও সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো এক হয়েছে এবং তারা মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকায় আরো বেশি গণতন্ত্র, স্বাধীনতা, নাগরিক অধিকারকামী মানুষদেরকে একথাই বলছে যে, 'আমরা তোমাদের পাশে আছি'।" শিল্পোন্নত দেশগুলোর জি-এইট জোটে রয়েছে ফ্রান্স, জার্মানি, কানাডা, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সম্মেলনে প্রাধান্য পাচ্ছে আরব দেশগুলোর পরিস্থিতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান নির্বাচন নিয়ে আলোচনা। লিবিয়া যুদ্ধে অচলাবস্থা থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে আলোচনার পাশাপাশি তিউনিসিয়া এবং মিশরের জন্য সাহায্য কর্মসূচিও বিবেচনা করে দেখবেন নেতারা। তাছাড়া, বিশ্ব অর্থনীতি এবং জলবায়ু পরিবর্তন ইস্যুসহ ইন্টারনেট কতটুকু নিয়ন্ত্রণ করা হবে বা হবে না সে বিষয়টিও নেতাদের আলোচ্যসূচিতে রয়েছে। সকালে বিক্ষিপ্তভাবে দ্বিপক্ষীয় আলোচনা চলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি মধ্যাহ্নভোজ আয়োজন শেষে ২৪ ঘণ্টার সম্মেলন শুরু করেন। সম্মেলনে নেতারা সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিন্দা জানাবেন। ওদিকে, জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান মার্চে ভূমিকম্প ও সুনামির পর দেখা দেওয়া ফুকুশিমা পরমাণু সঙ্কট সামাল দিতে টোকিওর উদ্যোগ সম্পর্কে ব্রিফ্রিং দেবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২০৫৩ ঘ.