রামাল্লাহ, পশ্চিম তীর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ভাষণ দিয়েছেন তাতে শান্তির কোনো আশা নেই বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
আব্বাস বুধবার প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) কে বলেন, নেতানিয়াহুর বক্তব্য কেবল শান্তির পথে নতুন করে বাধা সৃষ্টি করেছে। এতে শান্তি ফিরবে না।
নেতানিয়াহু কংগ্রেসের ভাষণে শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু জমি ছেড়ে দিয়ে 'বেদনাদায়ক আপোস' করতে রাজি থাকার কথা বললেও ১৯৬৭ সালের সীমানায় ফিরতে অস্বীকৃতি জানান।
একইসঙ্গে নেতানিয়াহু কয়েকটি শর্তও দেন। এর মধ্যে রয়েছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং হামাস-ফাতাহ সম্প্রীতি চুক্তি বাতিল। ফিলিস্তিন তাৎক্ষণিকভাবে শর্তগুলো প্রত্যাখ্যান করেছে।
আব্বাস বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক কিছুই নেই।
সেপ্টেম্বরের মধ্যে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হলে ফিলিস্তিনিরা রাষ্ট্র হিসাবে জাতিসংঘের স্বীকৃতি আদায়ের চেষ্টা নেবে বলে জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নতুন করে শুরুর যে চিন্তা-ভাবনা করেছেন এবং নেতানিয়াহু তাতে যে নেতিবাচক মনোভাব দেখিয়েছেন তা নিয়ে আব্বাস এ সপ্তাহ শেষে আরব দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, "আমরা অতীতেও বলেছি, এখনো বলছি আমরা আলোচনার পক্ষে। কেবলমাত্র আলোচনা, তাছাড়া আর কোনোকিছুই না। কিন্তু সেপ্টেম্বরের মধ্যে কোনো কিছু না ঘটলে আমরা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য জাতিসংঘে যাবো।"
ইসরায়েলকে একঘরে করা কিংবা অবৈধ প্রমাণ করা ফিলিস্তিনের লক্ষ্য নয় বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৪ ঘ.
bdnews24