ওয়াশিংটন, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা অভিযানের সময় বিধ্বস্ত ব্ল্যাকহক হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রকে ফেরত দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার পেন্টাগনের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানান।
পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে আত্মগোপন করে থাকা ওসামা বিন লাদেন ২ মে মার্কিন নেভি সিল কমান্ডোদের আকস্মিক অভিযানে নিহত হন।
অভিযানে মার্কিন সেনাদের ব্যবহৃত দুটি চিনুক ও দুটি ব্ল্যাকহক হেলিকপ্টারের মধ্যে একটি ব্ল্যাকহক হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। ওই ঘটনার পর থেকে বিধ্বস্ত হেলিকপ্টারটি পাকিস্তানের জিম্মায় ছিল।
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানকালে দ্রুত অবতরণের সময় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার পরপর মার্কিন সেনারা হেলিকপ্টারটি উড়িয়ে দেয় বলে জানায় তারা।
হেলিকপ্টারটিতে পর্যবেক্ষণ ব্যবস্থা ফাঁকি দেওয়ার জন্য স্পর্শকাতর প্রযুক্তি ছিল এবং সেগুলো শত্রুপক্ষের হাতে চলে যেতে পারে, এ কারণে শঙ্কিত ছিলো মার্কিন প্রশাসন।
কিন্তু হেলিকপ্টারের বিচ্ছিন্ন কিছু অংশ পাকিস্তানে রয়ে গেছে। তার মধ্যে রয়েছে হেলিকপ্টারটির পেছনের অংশ।
যুক্তরাষ্ট্র হেলিকপ্টারের অবশিষ্টাংশও ফেরত দেওয়ার দাবি জানিয়েছে।
পেন্টাগনের মুখপাত্র কর্নেল ডেভ লাপান রয়টার্সকে জানান, "হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ এই সপ্তাহের প্রথমদিকে ফেরত দেওয়া হয়েছে এবং সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হচ্ছে"।
যুক্তরাষ্ট্রের সিনেটর জন কেরি ১৬ মে পাকিস্তান সফরে এসে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ফেরত দেওয়ার দাবি জানান। ধ্বংসাবশেষ ফেরত দিলে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট অবিশ্বাস কমবে বলে তিনি আশ্বাস দেন।
প্রসঙ্গত, পাকিস্তানের সেনাশহরে ওসামার আত্মগোপন করে থাকা ও পাকিস্তানকে না জানিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের অভিযান চালানো নিয়ে দু'দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।
কিন্তু সিআইএর সাবেক কর্মকর্তা ব্রুস রিডেল বলেন, হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ফেরত দিলেও এতে যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের ক্ষতিগ্রস্ত মিত্রতার উন্নতি হবে সামান্যই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৬ ঘ.
bdnews24