২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলিতে আবারো ন্যাটোর ব্যাপক বিমান হামলা

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আবারো ব্যাপক বিমান হামলা চালিয়েছে ন্যাটো। মঙ্গলবার দিবাগত রাতে মাত্র দশ মিনিটে ছয়টি প্রচ- বিস্ফোরণে কেঁপে ওঠে ত্রিপোলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 05:59 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ত্রিপোলি, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আবারো ব্যাপক বিমান হামলা চালিয়েছে ন্যাটো। মঙ্গলবার দিবাগত রাতে মাত্র দশ মিনিটে ছয়টি প্রচ- বিস্ফোরণে কেঁপে ওঠে ত্রিপোলি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সোমবার লন্ডনে বলেছিলেন, "গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করা হবে।" তার এই ঘোষণার পরই মঙ্গলবার ভোরে ত্রিপোলিতে প্রচ- বিমান হামলা চালায় ন্যাটো। সেই হামলার রেশ শেষ হতে না হতেই মঙ্গলবার দিবাগত রাতে আবারো ব্যাপক হামলায় প্রকম্পিত হয় ত্রিপোলি। এতে ১৯ জনের প্রাণহানি হয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। দুই মাসেরও বেশি সময় ধরে লিবিয়ায় হামলা শুরু করার পর থেকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে ভয়াবহ হামলা চালালো ন্যাটো। এরআগে, একই দিন ভোরে ত্রিপোলিতে চালানো হামলাটিই লিবিয়ার ন্যাটোর বিমান হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড় বলে ওই সামরিক জোটের কর্মকর্তারা জানান। মঙ্গলবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন জুপ্পে বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই লিবিয়ায় ন্যাটোর হামলার উদ্দেশ্য সফল হবে। সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, "আমরা বিশ্বাস করি সময় এখন গাদ্দাফির বিরুদ্ধে, পুরো দেশের ওপর তিনি আর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন না।" হিলারি বলেন,"গাদ্দাফিবিরোধীরা গণতন্ত্রের প্রতি অঙ্গীকারাবদ্ধ আইনসঙ্গত একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করেছে। তাদের সামরিক সামর্থ্য বাড়ছে এবং গাদ্দাফি যখন ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হবেন, তখন সামনে এগিয়ে যাওয়ার জন্য নতুন এক লিবিয়া দাঁড়িয়ে যাবে।" হিলারির ওই কথা বলার একদিন পরই ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ওই মন্তব্য করেন। ফরাসি পার্লামেন্টের এক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত সদস্যদের নিশ্চয়তা দিয়ে জুপ্পে বলেন, "আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে লিবিয়া মিশন শেষ হবে।" জাতিসংঘের অনুমোদন নিয়ে গত ১৯ মার্চ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে ন্যাটো লিবিয়ায় গাদ্দাফির বিভিন্ন স্থাপনা ও সামরিক লক্ষ্যস্থলে হামলা চালিয়ে যাচ্ছে। এই তিনটি দেশ ঘোষণা করেছে ক্ষমতা থেকে গাদ্দাফি সরে না দাঁড়ানো পর্যন্ত লিবিয়ায় হামলা চলবে। এরআগে জাতিসংঘ, গৃহযুদ্ধে গাদ্দাফি অনুগত বাহিনীর হামলা থেকে বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য 'প্রয়োজনীয় সব পদক্ষেপ' নেওয়ার অনুমোদন দেয়। তবে এসব হুমকি-ধামকি ও আক্রমণের মুখেও গাদ্দাফি আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলে লিবিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৫৫ঘ.