ওয়াশিংটন, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের সঙ্গে শান্তি স্থাপনে ১৯৬৭ সালের সীমান্তে ফিরে না গেলেও দখলে রাখা কিছু ভূমি শর্তসাপেক্ষে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন।
মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে নেতানিয়াহু ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি এবং হামাসের সঙ্গে ঐক্য চুক্তি বাতিলের শর্ত দেন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে।
নেতানিয়াহু বলেন, "হামাসের সঙ্গে আপনারা চুক্তি বাতিল করুন। আসুন, একসঙ্গে বসে সমঝোতা করি। ইহুদি রাষ্ট্রের সঙ্গে চুক্তি করুন।"
নেতানিয়াহু আরো বলেন, "এই ঐতিহাসিক শান্তি স্থাপনের জন্য পীড়াদায়ক হলেও কিছু ছাড় দিতে সম্মত আছি। ইসরায়েলের নেতা হিসেবে এটি আমার দায়িত্ব।"
"এটি আমার জন্য খুব সহজ নয়। কারণ আমাকে প্রকৃত শান্তির জন্য ইহুদি রাষ্ট্রের আদিভূমির বেশ কিছু অংশ ছেড়ে দিতে হবে।"
নেতানিয়াহুর এ প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু আরদাইনাহ বলেন, সংঘাত বন্ধে নেতানিয়াহুর যে দৃষ্টিভঙ্গী তাতে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার প্রাক্কালে 'আরো প্রতিবন্ধকতা'র সৃষ্টি হবে।
আরদাইনাহ বলেন, "নেতানিয়াহু তার ভাষণে কী বললেন, তাতে শান্তি আলোচনায় কোনো প্রভাব পড়বে না।"
যুক্তরাষ্ট্রের সমর্থনে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা যে কোনো সময় শুরু হতে পারে। আর এ কারণেই ফিলিস্তিন-ইসরায়েলের সীমানা বিষয়ক বিরোধ রাজনৈতিক বিতর্কের সামনে চলে এসেছে।
এর আগে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে দেওয়া ভাষণে ইসরায়েলকে ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যাওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ভাষণে ওবামা বলেন, "১৯৬৭ সালের সীমানা অনুযায়ী সমঝোতার ভিত্তিতে ইসরায়েল ও ফিলিস্তিনের সীমান্ত নির্ধারিত হওয়া উচিৎ, যাতে উভয় রাষ্ট্রই নিরাপদ সীমারেখা নিশ্চিত করতে পারে।"
ওবামার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
পরবর্তী সময়ে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি'র (এআইপিএসি) এক সম্মেলনে ওবামা তার প্রস্তাব ব্যাখ্যা করেন।
ওবামা মনে করেন, আরব দেশগুলোতে সাম্প্রতিক গণআন্দোলনের ফরে পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় ইসরায়েলের নিরাপত্তার জন্যই শান্তিস্থাপন জরুরি, আর তা সম্ভব ১৯৬৭ সীমান্ত মান্য করার মধ্য দিয়ে।
কিন্তু সোমবার ওয়াশিংটনে এআইপিএসি'র সম্মেলনে দেওয়া ভাষণে নেতানিয়াহু ১৯৬৭ সালের সীমান্তে কখনোই ফিরে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, "প্রায় শতবছর ধরে এ সংঘর্ষ চলছে কেননা ফিলিস্তিনিরা এর অবসান চায় না। তারা ইহুদি রাষ্ট্র মেনে নিতে নারাজ। আর এ নিয়েই এখনো পর্যন্ত সংঘর্ষ চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৯ ঘ.
bdnews24