নয়া দিল্লী (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উদীয়মান অর্থনীতির দেশগুলো একযোগে আর্ন্তাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান পদে একজন প্রার্থী দিক- এমনটিই চাইছে ভারত।
শেষ পর্যন্ত সফল না হতে পারলেও ভারত এ উদ্যোগ নিতে আগ্রহী। আর তাই একজন প্রার্থী বাছাই করতে পর্দার আড়ালে থেকে অন্যান্য উদীয়মান অর্থনীতির দেশগুলোর সঙ্গে মতৈক্যে পৌঁছার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।
সোমবার ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের দুটি সূত্রে একথা জানা গেছে।
এদেরই একজন রয়টার্সকে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল সম্ভাব্য প্রার্থী হতে পারেন। তবে ভারত এখনো এ পদের জন্য নিজস্ব কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।
উদীয়মান অর্থনীতির দেশগুলোর 'ব্রিক' জোটে আছে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন। সম্প্রতি এ জোটে অন্তর্ভুক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা।
আইএমএফ এ ভারতের প্রতিনিধি অর্থমন্ত্রণালয়ের সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ বীরমানিকে উদীয়মান এ দেশগুলোর সঙ্গে প্রার্থী নির্বাচনে একমত হওয়ার চেষ্টা চালানোর দায়িত্ব দিয়েছে নয়াদিল্লি। এমনটিই জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রণালয়ের এক সূত্র।
ওদিকে, আইএমএফ ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, মেধার ভিত্তিতে ডমিনিক স্ট্রস-কানের উত্তরসূরি নিয়োগ করা হবে।
এক হোটেল কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক হওয়ার পর স্ট্রস-কান আইএমএফ প্রধানের পদ থেকে সরে দাঁড়ান। বর্তমানে তিনি গৃহবন্দি।
এ পদে প্রতিযোগিতার দৌড়ে ফ্রান্সের অর্থমন্ত্রী ক্রিস্টিন লগার্ড সামনের সারিতে আছেন। কিন্তু পেছনের দরজা দিয়ে কাউকে নিয়োগ না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপকে চাপ দিয়ে আসছে উন্নয়নশীল দেশগুলো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে আইএমএফ গঠনের পর থেকে ইউরোপীয় ছাড়া অন্য কেউ সংস্থাটির প্রধান হন নি। একইভাবে বিশ্বব্যাংক প্রধানের পদটিও আমেরিকানরাই অলংকৃত করেছেন।
এর পরিপ্রেক্ষিতেই ভারত বিশ্বনেতৃত্বকে জানাতে চাইছে, আইএমএফ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। উন্নয়নশীল দেশগুলোকে এক্ষত্রে এগিয়ে আসার আরো সুযোগ করে দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২১৩২ ঘ.
bdnews24