রিকজাভিক, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আইসল্যান্ডের সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরি গ্রিমসবেন শনিবার জেগে উঠেছে। আগ্নেয়গিরি থেকে উদগীরিত ছাই ও ধোঁয়ায় আকাশ ছেয়ে যাওয়ায় ওই এলাকায় বিমান চলাচল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
ইউরোপের কয়েকটি দেশে ছাইমেঘ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
আগ্নেয়গিরিটির উৎক্ষিপ্ত ছাই ও ধোঁয়ার বিশাল কুন্ডলী আকাশের অনেক উপর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
গত বছর আইসল্যান্ডের অপর একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে ছাই ও ধোঁয়া উদগীরণের কারণে কয়েক দিনের জন্য ইউরোপের আকাশপথ বন্ধ হয়ে যায়।
আবারও সেরকম কিছু হওয়ার আশঙ্কায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখছেন বিমান কর্মকর্তারা ।
এয়ারলাইন কর্মকর্তারা রোববার সতর্ক করে দিয়ে বলেছেন, আগ্নেয়গিরির উদগীরণ না কমলে ছাইমেঘে মঙ্গলবারের মধ্যে ছেয়ে যেতে পারে স্কটল্যান্ডের উত্তরাঞ্চল এবং বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে ব্রিটেন, ফ্রান্স এবং স্পেনের কিছু অংশে আকাশ ছাইমেঘে ঢাকা পড়তে পারে।
সর্বশেষ ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসের ওপর ভিত্তি করে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আইসল্যান্ড কর্তৃপক্ষ গ্রিমসবেন আগ্নেয়গিরির নিকটবর্তী এলাকায় বিমান চলাচল নিষিদ্ধ করেছে।
তবে একজন কর্মকর্তা জানিয়েছেন, উদগীরণে কারণে কমপক্ষে আগামী ২৪ ঘন্টা ইউরোপের বিমান চলাচল ব্যাহত হবে না বলেই ধারণা করছেন তারা।
গ্রিমসবেন আগ্নেয়গিরির উৎক্ষিপ্ত ছাই উর্ধ্বাকাশের ২০ কিলোমিটার উচ্চতায় ছড়িয়ে পড়েছে। আইসল্যান্ডের মরগুনব্লাদিদ সংবাদপত্রের ওয়েবসাইটে বলা হয়,
আসইল্যান্ডের বেসামরিক উড্ডয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগ্নেয়গিরিটির আশপাশের ১২০ নটিক্যাল মাইল এলাকাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে।
গত বছর আইসল্যান্ডে ইজাফজাল্লাজকুল আগ্নেয়গিরির অগ্ন্যুপাতের ফলে ইউরোপের আকাশপথে অচলবস্থা সৃষ্টি হয়। কর্তৃপক্ষ তখন ইউরোপের বিমান চলাচল স্থগিত করে দিতে বাধ্য হয়।
আগ্নেয়গিরির ধুলা ও ছাই বিমানের ইঞ্জিনের ভিতর প্রবেশ করে বিমান দুর্ঘটনার কারণ হতে পারে বলে শংকিত ছিলেন তারা। ওই সময় আগ্নেয় ছাই ও ধুলা ইউরোপের আকাশে বিমান চলাচলের পথে ছড়িয়ে পড়েছিল।
তবে এবারের উদগীরণে বের হওয়া ছাই গতবারের তুলনায় ভারী হওয়ায় বাতাসে ততটা ছড়িয়ে পড়বে না বলে আশা করা হচ্ছে। গতবছর উদগিরিত ছাই হালকা হওয়ায় অনেকদূর ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮১০ ঘ.
bdnews24