ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি নিষেধাঞ্জা উপেক্ষা করে স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভ করছে প্রায় ২৫ হাজার মানুষ।
সরকারের ব্যয় সংকোচ পরিকল্পনার বিরোধিতা ও কর্মসংস্থানের দাবিতে গত ছয়দিন ধরে মাদ্রিদের পুয়ের্তো দেল সলোতে অবস্থান নিয়ে আছে বিক্ষোভকারীরা।
রোববারের স্থানীয় নির্বাচনের একদিন আগে ওই স্কয়ার থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
শনিবার মধ্যরাতে নিষেধাজ্ঞা কার্যকর হলেও তা উপেক্ষা করে সেখানে অবস্থান করছে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা বলেন, স্পেনে বর্তমানে ৪৫ শতাংশ তরুণ বেকার থাকলেও সরকারি কর্মীদের অবসর গ্রহণের বয়স বাড়ানো হয়েছে।
তাই সরকারের ব্যয়-সংকোচ নীতির পরিবর্তন, কর্মসংস্থান, উন্নত জীবন ও সুষ্ঠু গণতন্ত্রের দাবিতে চলমান এ আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে এসে বিক্ষোভে যোগ দিচ্ছে মানুষ।
নাতিভিদাদ গার্সিয়া নামের এক বিক্ষোভকারী বিবিসিকে বলেন, "সরকার আমাদের স্বাস্থ্য ও শিক্ষা সেবা দিতে চাইছে না। যুবসমাজের প্রায় অর্ধেক বেকার, অথচ তারা অবসর গ্রহণের বয়স বাড়িয়েছে।"
বিবিসি জানিয়েছে, স্পেনে বেকারত্বের হার ২১ দশমিক তিন শতাংশ যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। দেশটিতে ৪৯ লাখ মানুষ বেকার যাদের বেশিরভাগই তরুণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এএইচ/পিডি/২১০৮ ঘ.
bdnews24