লান্দিকোটাল (পাকিস্তান), মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় লান্দিকোটার শহরের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে অন্ততপক্ষে ১৬ জন নিহত হয়েছে।
তেলবাহী ট্যাঙ্কারটি আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো বাহিনীর জন্য জ্বালানি তেল নিয়ে যাচ্ছিল বলে কর্মকর্তারা জানান।
আদিবাসী অধ্যুষিত খাইবার অঞ্চলের একটি শহর লান্দিকোটাল। শনিবার রাতের কোনো এক সময় ক্ষুদ্র বোমার আঘাতে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায় বলে পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে গিয়েই স্থানীয় অধিবাসীরা হতাহতের শিকার হন।
স্থানীয় কর্মকর্তা সাফিরুল্লাহ ওয়াজির বলেন, "বিস্ফোরণের আগে একটি ক্ষুদ্র বোমার আঘাতে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়"।
তিনি আরো বলেন, "স্থানীয় গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে লেগে যায়। এ সময় আগুন কিছুটা কম ছিল। কিন্তু হঠাৎ করেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হলে ১৬ জন নিহত হয়। এদের মধ্যে ৫টি শিশুও রয়েছে। তারা তেল সংগ্রহ করতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছে"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৭ ঘ.
bdnews24