ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ে করার ঘোষণা দিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক। আগামী অক্টোবরেই জেৎসুন পেমা আর নামগিলের বিয়ের বাদ্য বাজবে।
ভুটান অবজারভার জানিয়েছে, শুক্রবার সকালে পার্লামেন্ট অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে দেশবাসীকে এই সুখবর দেন রাজা।
রাজা এক বিবৃতিতে বলেন, "সবাই ভাবতে পারেন আমার রাণী হবেন উচ্চ শিক্ষিত, সুন্দরী ও সর্বেসর্বা। জেৎসুন পেমা খুবই ভালো মনের মেয়ে এবং সহযোগিতাপ্রবণ, যার ওপর আমি আস্থা রাখতে পারি।"
২১ বছর বয়সী জেৎসুনের ব্যাপারে তার ভাবী বরের মূল্যায়ন, "তার সম্পর্কে মানুষের ধারণা কি তা আমি জানি না। কিন্তু আমি দেখেছি, একজন নারীর যেসব গুণ থাকতে হয় তার সবই আছে তার।"
দীর্ঘদিন চিন্তাভাবনার পর বিয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন রাজা।
জিগমে খেসার নামগিল অক্সফোর্ড থেকে লেখাপড়া করে ফেরার পর ২০০৮ সালে তার হাতে রাজ্যভার তুলে দিয়ে অবসরে যান রাজা জিগমে সিংগে ওয়াংচুক। ৩১ বছর বয়সী রাজা নামগিল গত মার্চে বাংলাদেশ সফরে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২০৫৫ ঘ.
bdnews24