নয়াদিল্লি, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ভারতের টুজি স্পেকট্রাম কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে 'দ্রাবিড় মুনেত্রা কাঝাগাম'(ডিএমকে) পার্টি প্রধান করুণানিধির মেয়ে ও রাজ্যসভার এমপি কানিমোঝিকে গ্রেপ্তার করে তিহার জেলে পাঠানো হয়েছে।
দিল্লির একটি আদালত শুক্রবার টুজি স্পেকট্রাম মামলায় কানিমোঝির জামিনের আবেদন নাকচ করে অবিলম্বে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।
ভারতের টেলিযোগাযোগ খাতে সবচেয়ে বড় এ কেলেঙ্কারিতে ২০০৭/০৮ সালে কয়েকটি কোম্পানিকে টেলিকম লাইসেন্স পাইয়ে দেওয়ার পরিকল্পনা করা এবং ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে কানিমোঝির বিরুদ্ধে।
এর আগে টুজি স্পেকট্রাম কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তৎকালীন টেলিযোগাযোগমন্ত্রী আন্ডিমুথু রাজাকে (ডিএমকে'র এমপি এবং দলিত নেতা) গ্রেপ্তার করে তিহার জেলে পাঠানো হয় গত ফেব্রুয়ারিতে।
কয়েকটি কোম্পানিকে সুলভ মূল্যে টেলিকম লাইসেন্স পাইয়ে দেওয়ার অভিযোগ ছিলো তার বিরুদ্ধে।
এবার একইভাবে দুর্নীতির অভিযোগে কানিমোঝিকে জেলে পাঠানোর খবর জানালো এনডিটিভি।
অবৈধভাবে ২১৪ কোটি রুপি ঘুষ নেওয়ার অভিযোগে কানিমোঝির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিবিআই।
তার জামিনের আবেদনও নামঞ্জুর করেছেন সিবিআই এর বিশেষ বিচারক ও পি সাইনি। তবে কানিমোঝি উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানান তিনি।
ওই টেলিকম কেলেঙ্কারিতে ভারত সরকার বড় অঙ্কের রাজস্ব হারিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
আন্ডিমুথু রাজা গ্রেপ্তারের ঘটনায় বেকায়দায় পড়া ভারতের ক্ষমতাসীন কোয়ালিশন কানিমোঝি গ্রেপ্তারের ঘটনায় নতুন করে ঝামেলায় পড়বে বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এইচএ/২০১০ ঘ.
bdnews24