২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার বক্তব্যে হতাশ নেতানিয়াহু, সন্তুষ্ট নয় আরবরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলকে ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে হতাশ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ওয়াশিংটন, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলকে ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে হতাশ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওদিকে, আরব বিশ্ব ওবামার এ বক্তব্য যথেষ্ট নয় এবং তিনি অনেক দেরীতে এসব কথা বলেছেন বলে অসন্তোষ প্রকাশ করেছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে দেওয়া ভাষণে ওবামা বলেন, "১৯৬৭ সালের সীমানা অনুযায়ী সমঝোতার ভিত্তিতে ইসরায়েল ও ফিলিস্তিনের সীমান্ত নির্ধারিত হওয়া উচিৎ, যাতে উভয় রাষ্ট্রই নিরাপদ সীমারেখা নিশ্চিত করতে পারে।" তিনি বলেন, "ফিলিস্তিনি জনগণের স্বশাসনের অধিকার অবশ্যই রয়েছে। পাশাপাশি অন্য রাষ্ট্রের মতো তাদের সার্বভৌমত্ত্বের অধিকারও রয়েছে।" "নিরাপত্তার প্রশ্নে প্রত্যেক রাষ্ট্রেরই আত্মরক্ষার অধিকার রয়েছে এবং ইসরায়েলও অবশ্যই যে কোনো হুমকি থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম।" এ বক্তব্যের পর হতাশা প্রকাশ করে নেতানিয়াহু বলেছেন, "এতে এমনই বোধ হচ্ছে যে, ওয়াশিংটন বাস্তবতা বোঝে না। আমরা কি পরিস্থিতিতে আছি তা তারা বোঝে না।" ওবামার এ আহ্বান সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। ওবামার সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রাক্কালে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, "ইসরায়েলের অস্তিত্বের বিনিময়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বাস্তব রূপ পেতে পারে না।" "বরং ফিলিস্তিনের সঙ্গে যে কোনো শান্তি চুক্তির আওতায় ১৯৭৬ সালের সীমানার বাইরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলকে বসতি স্থাপনের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি যুক্তরাষ্ট্র দিক সেটিই কাম্য" বলেন তিনি। রিপাবলিকানদের কাছ থেকেও ওবামা সমালোচনার শিকার হয়েছেন। ওবামা ইসরায়েলকে জলাঞ্জলি দিচ্ছেন বলে মন্তব্য করেছে তারা। কিন্তু ওবামা আসলে ফিলিস্তিন রাষ্ট্রকে গুরুত্ব দিয়ে কথা বলে মার্কিন নীতিতে ঐতিহাসিক এক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার বক্তব্যকে সঙ্গে সঙ্গে স্বাগত জানিয়েছেন। তবে তা সামান্যই ফলদায়ক মনে করছে গাজার ফিলিস্তিনিরা। দীর্ঘদিন দুর্ভোগের শিকার হওয়া গাজার ফিলিস্তিনিদের ওবামার কাছ থেকে আশাটা ছিলো আরেকটু বেশি। ওদিকে, মিশরীয়রাও ওবামার এ উদ্যোগ যথেষ্ট বলে মনে করছেন না। ওবামা মিশরের গণঅভ্যূত্থানকে সমর্থন দেওয়ার পরও কায়রোর জনগণ ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া নিয়ে ওবামার দেওয়া বক্তব্যে সন্তোষ প্রকাশ করেনি। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ওবামার ইসরায়েলের ওপর আরো চাপ প্রয়োগ করা উচিত ছিলো বলে জানিয়েছে তারা। তাছাড়্,া আরব বিশ্বের দেশগুলোতে শুরু হওয়া গণবিপ্লবে সিরিয়া, লিবিয়ায় ওবামা যেভাবে শক্ত অবস্থান নিতে পেরেছেন এবং তিউনিসিয়া, মিশরে বিপুল সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিতে পেরেছেন, তাতে এক্ষেত্রে মার্কিন কূটনীতি আরেকটু সফল হওয়ারই কথা। কিন্তু আরব বিশ্লেষকরা বলছেন, "ওবামার কথা শোর মতো বটে। কিন্তু তিনি বড্ড দেরী করে এসব কথা বললেন।" তবে লিবীয়রা ওবামার বক্তব্যকে সমর্থন জানিয়েছে। ওবামার বক্তব্যকে আরব বিশ্বের জনগণের জন্য সমর্থন হিসাবেই দেখছে লিবিয়ার বেনগাজি শহরের অধিবাসীরা । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/এলকিউ/১৭৪২ ঘ.