ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল-কংগ্রেস জোটের নেত্রী মমতা বন্দোপাধ্যায়। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিধান সভায় বামফ্রন্ট পরবর্তী নতুন অধ্যায়ের শুরু হলো।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ১ মিনিটে কলকাতায় রাজভবনে মমতাকে শপথ পাঠ করান রাজ্যপাল এম কে নারায়ণন। পরে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হয়। মুখ্যমন্ত্রীসহ সবাই বাংলায় শপথ পড়েছেন।
পশ্চিমবঙ্গের অষ্টম, তবে প্রদেশটির প্রথম ও ভারতের চতুর্দশ নারী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গের পঞ্চদশ সরকারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদ কলকাতা থেকে জানান, বেলা ১২টা ৫৫ মিনিটে রাজ্যপাল এম কে নারায়ণন রাজভবনে অনুষ্ঠান মঞ্চে আসেন। দুপুর ১টায় রাজ্য মুখ্য সচিব মঞ্চে ডাকেন মমতাকে। বেলা ১টা ১ মিনিটে শপথ নেন মমতা।
এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রীর পদ ছাড়েন তিনি।
৪৩ সদস্যের মমতার মন্ত্রিসভায় তৃণমূল থেকে ৩৭ জন মন্ত্রী ও চারজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তৃণমূলের উল্লেখযোগ্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন- কলকাতার সাবেক মেয়র সুব্রত মুখোাপাধ্যায়, মানিশ গুপ্ত, অমিত মিত্র, ব্রাত্য বসু, উপেন বিশ্বাস। শরিক দল কংগ্রেস থেকে দুইজন এই মন্ত্রীসভায় যোগ দিয়েছেন।
৩৪ বছর পর এ রাজ্যে বিরোধী দলের আসনে বসবে বামফ্রন্ট। বিধানসভার বিরোধীদলের নেতা নির্বাচিত হয়েছেন সিপিআই (এম)-এর সূর্যকান্ত মিশ্র। আর কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন আবু হেনা।
শপথ অনুষ্ঠানের পর রাজভবন থেকে প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেঁটে রাজ্য সচিবালয় রাইটার্স বিল্ডিংয়ে যান মমতা। সে সময় রাস্তার দুপাশে সারিবদ্ধ মানুষ তাকে অভিনন্দন জানান।
শপথ অনুষ্ঠান উপলক্ষে রাজভবন সংলগ্ন শহীদ মিনারে বসানো হয় চারটি বড় পর্দা। এসব পর্দায় তৃণমূল নেত্রীর শপথ নেওয়ার দৃশ্য সরাসরি দেখানো হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও অনুষ্ঠানটি সরাসরি স
bdnews24