২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনের জন্য আদালতে স্ট্রস-কান

জামিন আবেদনের শুনানির জন্য সাবেক আইএমএফ প্রধান ডমিনিক স্ট্রস-কানকে বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

নিউ ইয়র্ক, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জামিন আবেদনের শুনানির জন্য সাবেক আইএমএফ প্রধান ডমিনিক স্ট্রস-কানকে বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতে হাজির করা হয়েছে। স্ট্রস-কানের আইনজীবীরা ১০ লাখ ডলার এবং ২৪ ঘণ্টা নজরদারির শর্তে এ জামিনের আবেদন করেন। এদিকে যুক্তরাষ্ট্রের আইন কর্মকর্তারা জানিয়েছেন, স্ট্রস-কানের বিরুদ্ধে ফৌজদারির বদলে দেওয়ানি মামলা হতে পারে। ফৌজদারি মামলা প্রমাণ করতে গেলে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হয়। অন্যদিকে উঁচু প্রোফাইলের ব্যক্তিদের ক্ষেত্রে ফৌজদারি তথ্যানুসন্ধানের পর প্রায়ই তা দেওয়ানি মামলায় রূপান্তর করা হয়। এক্ষেত্রে ক্ষতিগ্রস্থ ব্যক্তি আসামির কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। একই সঙ্গে আসামির শাস্তিও দাবি করতে পারেন তিনি। গত সপ্তাহে অভিযোগ ওঠে, স্ট্রস-কান নিউ ইয়র্কের সোফিটেল হোটেলে এক হোটেলকর্মীকে ধর্ষণের চেষ্টা করেছেন। ওই অভিযোগের ভিত্তিতে শনিবার প্যারিসগামী একটি বিমান থেকে স্ট্রস-কানকে গ্রেপ্তার করা হয়। আদালতের আদেশে নিউ ইয়র্কের কুখ্যাত রিকারস আইল্যান্ড কারাগারে বন্দি আছেন স্ট্রস-কান। বিভিন্ন মহল থেকে চাপের মুখে বৃহস্পতিবার আইএমএফ প্রধানের পদ ত্যাগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/জেকে/২২৪০ ঘ.