সিডনি, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চতুর্থ ম্যান বুকার পুরস্কার জিতে নিলেন পোর্টনয়'স কমপ্লেইন্ট উপন্যাসের লেখক ফিলিপ রথ।
বুধবার সিডনি লেখক সম্মেলনে দ্বিবার্ষিক এ আন্তর্জাতিক পুরস্কারের জন্য মার্কিন এই কথাসাহিত্যিকের নাম ঘোষণা করা হয়।
রথের প্রথম বই 'গুডবাই, কলম্বাস' বের হয় ১৯৫৯ সালে। নাথন জুকারম্যানের জীবনী অবলম্বনে ১৯৯৭ সালে তার লেখা 'আমেরিকান প্যাসটোরাল' জিতে নেয় পুলিৎজার পুরস্কার।
গত অক্টোবরে এই আমেরিকান লেখক বলেছিলেন, 'ই-বুক' তার পছন্দ নয়। তার মতে, এ ধরনের আধুনিক প্রযুক্তি মনকে অন্যদিকে সরিয়ে নেয়। এতে বই পড়ার নান্দনিক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয় পাঠক।
সিডনি লেখক সম্মেলনে ম্যান বুকার পুরস্কার ঘোষণার পর ৭৮ বছর বয়সী রথ বলেন, "আমার জন্য এ এক দারুণ সম্মান। আমি আনন্দিত।"
১৯৬৯ সালে পোর্টনয়'স কমপ্লেইন্ট প্রকাশিত হওয়ার পর বিশ্বের সাহিত্যমোদীদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে বইটি। যৌনতা নিয়ে খোলামেলা আলোচনার কারণে রথের সমালোচনাও করেন অনেকে। টাইম ম্যাগাজিনের করা ২০ শতকের সেরা উপন্যাসের তালিকাতেও স্থান করে নেয় তার এ বই।
কেবল ইংরেজিতে প্রকাশিত অথবা অনূদিত 'ফিকশন'ই ম্যান বুকার পুরস্কারের জন্য বিবেচিত হয়। চলতি বছরের পুরস্কার বাবদে নিউ জার্সিতে জন্মগ্রহণকারী রথ পাবেন ৬০ হাজার পাউন্ড। আগামী ২৮ জুন লন্ডনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।
২০০৯ সালে এলিস মুনরো, ২০০৭ সালে চিনুয়া আচেবে এবং ২০০৫ এ ঈসমাইল কাদারে ম্যান বুকার পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/জেকে/০১২৪ ঘ.
bdnews24