ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসামা বিন লাদেনকে হত্যার পর সাইফ আল-আদেল আল কায়দার নেতৃত্ব নিয়েছেন বলে সিএনএন জানিয়েছে। আল-আদেল মিশরের সেনাবাহিনীতে এক সময় কর্নেল ছিলেন।
আল-আদেল মিশরের প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের একজন বলে ধারণা করা হয়। তিনি ১৯৮৮ সালে মিশর ছেড়ে যান।
আল কায়েদার অভ্যন্তরীণ কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ওয়াকিবহাল নোমান বেনোথমানের বরাত দিয়ে সিএনএন বুধবার আল কায়দার নতুন নেতা নির্বাচনের খবর জানিয়েছে।
বেনোথমানের সঙ্গে আল কায়েদা নেতৃত্বের দীর্ঘ দুই দশকের সম্পর্ক রয়েছে। একসময় তিনি লিবিয়ার ইসলামিক ফাইটিং গ্র"পের (এলআইএফজি) নেতা ছিলেন। আদর্শগত বিরোধের কারণে তিনি সংগঠন ছেড়ে দেন।
বেনোথমান সিএনএনকে জানান, আল কায়েদার জঙ্গিদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, আল-আদেল সংগঠনের অর্ন্তর্বতীকালীন প্রধান নির্বাচিত হয়েছেন।
গত ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে সামরিক শহর অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন কমান্ডো অভিযানে বিন লাদেন নিহত হওয়ার পর আল কায়দার নতুন নেতৃত্ব নির্বাচনের প্রয়োজন দেখা দেয়।
আনুষ্ঠানিকভাবে বিন লাদেনের উত্তরসূরির নাম ঘোষণায় দেরি হওয়ায় বিশ্বব্যাপী জিহাদি আন্দোলনে হতাশা নেমে আসার সম্ভাবনা দেখা দেয়। এ জন্য আল-আদেলকে অর্ন্তর্বতীকালীন প্রধান নির্বাচন করা হয়েছে।
বেনোথমানের বক্তব্য অনুযায়ী, এটি শূরা কাউন্সিলের সিদ্ধান্ত নয়, কেননা এ মুহূর্তে কোথাও সবার একত্রিত হওয়া প্রায় অসম্ভব। পাক-আফগান সীমান্তবর্তী এলাকায় আল কায়েদার ৬ থেকে ৮ জন নেতা মিলিত হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিন লাদেন সৌদি হলেও মিশরীয় আল আদেল সংগঠনটির শীর্ষ পদে বিভিন্ন শাখার গ্রহণযোগ্যতা পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে, বিশেষ করে আরব উপত্যকায়।
আল কায়দার সৌদি ও ইয়েমেনি সদস্যরা আল আদেলকে ভালোভাবে নেবে না বলে মনে করেন বেনোথমান।
"সৌদি ও ইয়েমেনি সদস্যরা বিশ্বাস করে, বিন লাদেনের উত্তরসূরি আরব উপত্যকা থেকেই নির্বাচিত হওয়া উচিৎ", বলেন তিনি।
আল কায়দার নতুন নেতা মুহাম্মদ ইব্রাহিম মক্কি নামেও পরিচিত। তিনি ১৯৮০'র দশকে আফগানিস্তানে সোভিয়েত অভিযানের বিরুদ্ধে লড়াই করেছেন। ২০০১ সালে দেশটিতে তালেবান শাসনের পতনের পর ইরান চলে যান তিনি। সেখান থেকেই আল-আদেল সৌদি আরবের আল কায়েদা নিয়ন্ত্রণ করতেন।
২০০৩ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে সন্ত্রাসী হামলায় যে ব্যাপক প্রাণহানি হয়, তার জন্য আল-আদেলকে দায়ী করা হয়ে থাকে।
গত বছরের বেশকিছু তথ্য-প্রতিবেদন দেখে ধারণা করা হচ্ছে, আল-আদেল ইরান ছেড়ে এখন পাকিস্তানে অবস্থান করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমআই/১২৪৫ ঘ.
bdnews24