নিউ ইয়র্ক, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)----আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধানের পদ থেকে পদত্যাগের চাপের মুখে পড়েছেন যৌন নিপীড়নের অভিযোগে আটক ডমিনিক স্ট্রস-কান।
কানের জামিন আবেদন নাকচ হওয়ার পর তাকে মঙ্গলবার নিউ ইয়র্কের কুখ্যাত রিকার্স আইল্যান্ড কারাগারে পাঠানো হয়েছে। পদত্যাগের জন্য তার ওপর চাপ বাড়ছে।
অস্ট্রিয়ার অর্থমন্ত্রী মারিয়া ফেকটার স্ট্রস-কানকে আইএমএফ প্রধানের পদ ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
স্পেনের অর্থমন্ত্রী এলানা সালগাদোও বলেছেন, "আইএমএফ প্রধান স্ট্রস-কানের বিরুদ্ধে অভিযোগটি মারাত্মক। এখন তিনি কেবল একটি সিদ্ধান্তই নিতে পারেন। তা হচ্ছে পদত্যাগ করা।"
যৌন নিপীড়নের শিকার হওয়া নারীর প্রতি সহানুভূতি প্রকাশ করেন এলানা।
তিনি বলেন, "আমি কারো সঙ্গে একাত্মতা প্রকাশ করলে যৌন নিপীড়নের শিকার হওয়া ওই নারীর সঙ্গেই করব। যদি তার সঙ্গে সত্যিই এমনটি ঘটে থাকে।"
নিউ ইয়র্কের একটি আদালতে সোমবার স্ট্রস-কানের জামিন আবেদন নাকচ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাকে রিকার্স জেলে পাঠানো হয়। ২০ মে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু স্ট্রস-কান এখনো আইএমএফ এর প্রধানের পদ থেকে পদত্যাগ কিংবা ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো--কোনোটিই করেননি।
রিকার্স জেলের একটি ১১ ফুট বাই ১৩ ফুট সেলে তাকে রাখা হয়েছে তাকে।
শনিবার জন এফ কেনেডি বিমানবন্দরে এয়ার ফ্রান্সের একটি বিমান থেকে কানকে গ্রেপ্তার করা হয়। প্যারিসের উদ্দেশে বিমানটি যাত্রা করার কয়েক মিনিট আগে গ্রেপ্তার হন তিনি।
৩২ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে স্ট্রস-কানকে আটক করা হয়।
স্ট্রস-কান নিউ ইয়র্কের যে হোটেলে ছিলেন, অভিযোগকারী নারী সে হোটেলেরই কর্মী। তিনি যৌনাকাক্সক্ষা থেকে তার ওপর চড়াও হন বলে ওই নারীর অভিযোগ।
রোববার স্থানীয় সময় রাত সোয়া দুইটার দিকে কানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার তাকে নিউ ইয়র্ক আদালতে হাজির করা হয়।
স্ট্রস-কান কোনো কূটনৈতিক ছাড় পাবেন না। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত সাজা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/এমআই/এবি/সিআর/এলকিউ/২১৫০ঘ.
bdnews24