২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৮০০

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী তিন দিনের সহিংসতায় ৮শ' জনেরও বেশি মানুষ মারা গেছে এবং প্রায় ৬৫ হাজার লোক গৃহহীন হয়েছে বলে সোমবার জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 08:55 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

আবুজা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী তিন দিনের সহিংসতায় ৮শ' জনেরও বেশি মানুষ মারা গেছে এবং প্রায় ৬৫ হাজার লোক গৃহহীন হয়েছে বলে সোমবার জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এপ্রিলের ওই নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুডলাক জনাথন জয়ী হন। দক্ষিণাঞ্চলের খ্রিস্টান ধর্মাবলম্বী জনাথনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করার পরপর মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চলের শহরগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়ে। জনাথনের প্রধান প্রতিদ্বন্দ্বী উত্তরাঞ্চলের জনপ্রিয় মুসলিম নেতা এবং সাবেক সেনা শাসক মুহাম্মাদু বুহারি নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকার করেন। তার কংগ্রেস ফর প্রগ্রেসিভ চেঞ্জ (সিপিসি) পার্টি দেশটির কয়েকটি এলাকায় পুনর্নির্বাচনের জন্য আদালতে আর্জি পেশ করে। যুক্তরাষ্ট্রের রাইটস গ্রুপের পশ্চিম আফ্রিকার গবেষক করিন্নে ডুফকা বলেছেন,"নাইজেরিয়ার ইতিহাসে এপ্রিলের নির্বাচন সবচেয়ে নিরপেক্ষ হয়েছে কিন্তু একইসাথে এটি সবচেয়ে রক্তক্ষয়ী নির্বাচনের একটি"। তিনি আরো বলেন, "যারা এ ভয়ঙ্কর অপরাধ ঘটিয়েছে তাদের বিচারের মাধ্যমে নবনির্বাচিত সরকারের খুব দ্রুত গণতন্ত্রের ধারা তৈরি করা উচিত"। এ সহিংসতার কারণ উদঘাটনের জন্য প্রেসিডেন্ট গুডলাক জনাথন গত সপ্তাহে একটি প্যানেল গঠন করেছেন। প্যানেলে ধর্মীয় নেতা, ঐতিহ্যবাহী গোত্রশাসক এবং আইনজীবীদের রাখা হয়েছে। বুহারির সমর্থকরা দাবি করেছেন নির্বাচনোত্তর সহিংসতায় কোনো উস্কানি ছিল না বলে দাবি করলেও জোনাথনের দল পিপলস ডোমোক্রেটিক পার্টি সহিংসতার জন্য বিরোধী দলকেই দায়ী করছে। নির্বাচনে জোনাথন ৫৯ শতাংশ ভোটে বিজয়ী হয়েছেন এবং বুহারি পেয়েছেন ৩২ শতাংশ ভোট। তবে উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে বুহারি এগিয়ে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এবি/১৪৪৯ ঘ.