ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ডের আসন্ন সাধারণ নির্বাচনে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোনকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বেছে নিয়েছে দেশটির প্রধান বিরোধী দল।
চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে আল জাজিরা জানায়।
বিশ্লেষকরা জানান, নির্বাচনে ইয়াংলাক সিনাওয়াত্রা (৪৩) কে প্রার্থী করা হলে বিরোধী দল পুয়ে থাই পার্টির জয়ী হতে পারে। সেইসঙ্গে এ বিজয় থাকসিনের মিত্রদের ক্ষমতায়ও ফেরাতে পারে।
২০০৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার আগে দুটি নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী হন থাকসিন সিনাওয়াত্রা।
থাই প্রধানমন্ত্রী অভিসিত ভেজ্জাজিভা নির্বাচনের জন্য পার্লামেন্ট ভেঙে দেওয়ার কয়েকদিন পরেই ইয়াংলাককে প্রার্থী করার ঘোষণা দেয় পুয়ে থাই।
নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন ডেমোক্রেট পার্টির অভিসিত ভেজ্জাজিভা ও রাজনৈতিকভাবে অনভিজ্ঞ ইয়াংলাকের মধ্যে কঠিন লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির থাই রাজনীতি বিশেষজ্ঞ এনড্রিউ ওয়াকার জানান, গ্রামীণ ভোটারদের আকর্ষণের মাধ্যমে পার্টিকে আবার একত্র করার একটি পদক্ষেপ হতে পারে এ সিদ্ধান্ত।
নির্বাচনে জয়ী হলে ইয়াংলাকই হবেন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৬ ঘ.
bdnews24