২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ওসামা হত্যাকাণ্ডে ক্ষুব্ধ বেশিরভাগ পাকিস্তানি'

পাকিস্তানের বেশির ভাগ মানুষ আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডে ক্ষুব্ধ। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ৫১ শতাংশ পাকিস্তানি বিন লাদেনের মৃত্যুতে শোকাহত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2011, 05:44 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বেশির ভাগ মানুষ আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডে ক্ষুব্ধ। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ৫১ শতাংশ পাকিস্তানি বিন লাদেনের মৃত্যুতে শোকাহত। অবশ্য জরিপে অংশ নেওয়া পাকিস্তানিদের এক তৃতীয়াংশ জানিয়েছে, এ ঘটনা সম্পর্কে তাদের তেমন কোনো আগ্রহ নেই। দেশব্যাপী ৭ মে থেকে ১০ মে পর্যন্ত গালপ পাকিস্তান পরিচালিত জরিপে এ তথ্য উঠে আসে। বিন লাদেন নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময় পরে এই জরিপ চালানো হয় বলে সোমবার এনডিটিভি জানায়। ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী সেনা শহর অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপন করে থাকা আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন কমান্ডোরা। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ১১ শতাংশ জানিয়েছে, আল কায়েদা নেতার মৃত্যুতে তারা আনন্দিত এবং তারা স্বস্তি বোধ করছেন। ৪৪ ভাগ পাকিস্তানি মনে করেন, বিন লাদেন একজন শহীদ। কিন্তু ২৮ শতাংশের অভিমত, সে একজন অপরাধী আর এ কারণেই হত্যা করা হয়েছে। প্রায় ৪৯ ভাগ পাকিস্তানি বিশ্বাস করে মার্কিনিরাই বিন লাদেনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ২৬ ভাগ মনে করে অভিযানের যে কাহিনী বলা হয়েছে তা সত্য, ২৫ ভাগ এ ব্যাপারে ঠিক নিশ্চিত নন। বেশির ভাগ পাকিস্তানিই বিশ্বাস করেন, মার্কিন বাহিনীর এ অভিযানে পাকিস্তান কর্তৃপক্ষ পরোক্ষ সমর্থন যুগিয়েছে। মাত্র ৩০ ভাগ পাকিস্তানি জানিয়েছেন, তারা মনে করে, বিন লাদেনের মৃত্যু হওয়ার ফলে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের বাহিনীকে সরিয়ে নেবে। কিন্তু ৫১ ভাগ মানুষ তা প্রত্যাখ্যান করেছে। তাদের বিশ্বাস যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যুদ্ধ চালিয়েই যাবে। অধিকাংশ পাকিস্তানি তাদের দেশে সন্ত্রাসী কর্মকা- বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। মাত্র ১৪ ভাগ পাকিস্তানি আশাবাদী, বিন লাদেনের মৃত্যুতে সন্ত্রাসবাদ কমে যাবে। জরিপে অংশ নেওয়া ৬৮ ভাগই মনে করেন, মার্কিন অভিযানের কারণে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। ২৮ ভাগ মানুষ তা মনে করেন না। গালপ পাকিস্তান পরিচালিত এই জরিপের ফলাফল গিলানি ফাউন্ডেশন প্রকাশ করেছে। সারা দেশের বিভিন্ন অঞ্চলের ২ হাজার ৫শ' ৩০ জন প্রাপ্তবয়স্ক নর-নারীর ওপর এই জরিপ পরিচালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩০ ঘ.