২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকে ম্যারাথনজয়ী ওয়ানজিরুর মৃত্যু

অলিম্পিকে ম্যারাথন বিজয়ী কেনিয়ার দৌড়বিদ স্যামুয়েল ওয়ানজিরু নিজ বাড়ির বারান্দা থেকে পড়ে মারা গেছেন। কেনিয়ার নাইয়াহুরুরুর রিফট ভ্যালি শহরে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিকে ম্যারাথন বিজয়ী কেনিয়ার দৌড়বিদ স্যামুয়েল ওয়ানজিরু নিজ বাড়ির বারান্দা থেকে পড়ে মারা গেছেন। কেনিয়ার নাইয়াহুরুরুর রিফট ভ্যালি শহরে এ ঘটনা ঘটে। কেনিয়া পুলিশের মুখপত্র এরিক কিরাইথির বরাত দিয়ে বিবিসি জানায়, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ২৪ বছর বয়স্ক ওয়ানজিরু ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের ম্যারাথন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেন। তিনি ছিলেন কেনিয়ার প্রথম অলিম্পিক ম্যারাথনজয়ী। স্ত্রীকে হত্যার হুমকি ও মারধর এবং অবৈধ একে- ৪৭ অ্যাসাল্ট রাইফেল রাখার দায়ে গত ডিসেম্বরে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগ দায়েরের পর নিজেদের মধ্যে মিটমাট হয়ে গেছে ঘোষণা দিয়ে তার স্ত্রী অভিযোগ প্রত্যাহার করে নেন। কিন্তু, অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে আগামী ২৩ মে তার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। বিবিসির নাইরোবি প্রতিনিধি জানিয়েছেন, স্ত্রীর সাথে তার বনিবনা হচ্ছিল না। স্ত্রীর সাথে ঝগড়ার পর তিনি তার রিফট ভ্যালির বাড়ির বারান্দা থেকে নিচে ঝাঁপিয়ে পড়েন। মারাত্মক আহত ওয়ানজিরুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি মারা যান। ১৯৩২ সালের পর ওয়ানজিরুই প্রথম ব্যক্তি হিসেবে সবচেয়ে কম বয়সে অলিম্পিক স্বর্ণপদক জয় করেন। তিনি লন্ডন ও শিকাগো ম্যারাথনেও রেকর্ড সময়ে দূরত্ব অতিক্রম করে পদক জয় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫২৯ ঘ.