২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে গুলিতে সৌদি কূটনীতিক নিহত

পাকিস্তানের করাচিতে সৌদি আরবের এক কূটনীতিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 06:56 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের করাচিতে সৌদি আরবের এক কূটনীতিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। সোমবার বাহরাইনের কনস্যুলেট-এর কাছেই এ ঘটনা ঘটে বলে ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানায়। করাচিতে সৌদি আরবের কনস্যুলেটে গ্রেনেড হামলার পাঁচ দিনের মাথায় এই কূটনীতিককে হত্যা করা হলো। কর্মকর্তারা জানান, গুলিতে নিহত সৌদি কূটনীতিকের নাম হাসান এম এম আল খাতানি। তিনি নিজেই গাড়ি চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে চারজন বন্দুকধারী দুটি মটরসাইকেলে চড়ে এসে তার গাড়িতে হামলা চালায়। পুলিশ জানায়, হামলাকারীরা খাতানির ওপর প্রায় ১২টি গুলি ছুঁড়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কোনো গোষ্ঠীই এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। ইসলামাবাদে সৌদি দূতাবাস তাদের কূটনীতিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। সৌদি রাষ্ট্রদূত আবদুল আজিজ আল ঘাদির বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ হামলা যারাই করে থাকুক না কেন তারা মুসলমান নয়।" এর আগে বুধবার করাচিতে সৌদি আরবের কনস্যুলেটে গ্রেনেড হামলা হয়। হামলাকারীরা সৌদি কনস্যুলেটে দুটি গ্রেনেড ছুঁড়ে পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ওই হামলা কারা চালিয়েছে তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। উল্লেখ্য, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা বরাবরই সৌদি সরকারের বিরোধিতা করে আসছে। গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানে আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর তারা প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১২৩৮ ঘ.