নিউ ইয়র্ক, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারের পর ধর্ষণ চেষ্টাসহ যৌন নিপীড়নের তিনটি অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ডমিনিক স্ট্রস-কানের বিরুদ্ধে।
নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন রয়টার্সকে বলেন, শনিবার জন এফ কেনেডি বিমানবন্দরে এয়ার ফ্রান্সের একটি বিমান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্যারিসের উদ্দেশ্যে বিমানটি যাত্রা করার কয়েক মিনিট আগে গ্রেপ্তার হন তিনি।
রোববার ভোররাত সোয়া দুইটায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। রোববার তাকে নিউ ইয়র্ক আদালতে হাজির করার কথা রয়েছে।
এক ইমেইল বার্তায় স্ট্রস-কানের আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান রয়টার্সকে বলেন, "আদালতে নিজেকে নির্দোষ দাবি করবেন আইএমএফ প্রধান।"
ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ৬২ বছর বয়সী স্ট্রস-কান স্যোসালিস্ট পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় ওই নির্বাচনের প্রায় ১ বছর আগে যুক্তরাষ্ট্রে এ কেলেঙ্কারিতে জড়ালেন তিনি।
ব্রাউন বলেন, ৩২ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য স্ট্রস-কানকে আটক করা হয়।
স্ট্রস-কান যে হোটেলে ছিলেন, অভিযোগকারী নারী সে হোটেলেরই কর্মী। তিনি যৌনাকাক্সক্ষা থেকে তার ওপর চড়াও হন বলে ওই নারীর অভিযোগ।
পুলিশ জানায়, টাইমস স্কয়ারের কাছের বিলাসবহুল সোফিটেল হোটেলে শনিবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। এরপর ওই হোটেলকর্মীকে কাছের রুজভেল্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ব্রাউন বলেন, "ওই নারী গোয়েন্দা কর্মকর্তাদের বলেছেন, বাথরুম থেকে নগ্ন হয়ে বেরিয়ে স্ট্রস-কান তাকে ধাওয়া করেন। তখন হোটেলের প্রবেশ কক্ষে যাওয়ার পথে দাঁড়িয়ে ছিলেন ওই নারী। তাকে ধরে একটি বেডরুমে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন শুরু করেন।"
ওই নারী তার কাছ থেকে ছুটে গেলে তাকে সে বাথরুমে যাওয়ার পথে ফেলে ধর্ষণের চেষ্টা চালান। স্ট্রস-কান তাকে হোটেল কক্ষে আটকে রাখারও চেষ্টা করেন। "
স্ট্রস-কান কোনো কূটনৈতিক ছাড় পাবেন না বলে জানান ব্রাউন।
নিউ ইয়র্কের আইনে ওরাল সেক্সের জন্য কারো ওপর জোর করাসহ যৌন নিপীড়নের জন্য ১৫ থেকে ২০ বছরের জেল হওয়ার বিধান রয়েছে। ধর্ষণ চেষ্টার সাজাও তাই। আর জোর করে কাউকে আটকে রাখার জন্য তিন থেকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়।
সংস্থার প্রধানের এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি আইএমএফ। সংস্থার কর্মকর্তারা বলেন, তারা এখনো বিষয়টি ভালোভাবে জানেন না।
নারী কেলেঙ্কারিতে এর আগেও জড়িয়েছেন স্ট্রস-কান। ক্ষমতার অপব্যবহার করে ২০০৮ সালে আইএমএফ'র উচ্চপদস্থ এক নারী অর্থনীতিবিদের সঙ্গের ঘটনার জন্য ক্ষমাও চাইতে হয় তাকে।
১৯৬৭ সালে প্রথম বিয়ের পর আরো দুজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন তিনি। বর্তমান স্ত্রী সাংবাদিক অ্যান সিনক্লেয়ারকে বিয়ে করেন ১৯৯১ সালে।
১৯৯০ এর দশকে ফ্রান্সের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রপথিক হিসেবে পরিচিত স্ট্রস-কান ১৯৪৯ সালের ২৫ এপ্রিল প্যারিসের পশ্চিমাঞ্চলীয় নিউলিতে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করে অর্থনীতির অধ্যাপক হিসেবে চাকরি করার পাশাপাশি ১৯৭৭ সালে সোস্যালিস্ট পার্টিতে যোগ দেন তিনি।
১৯৯১ সালে স্ট্রস-কান ফরাসি সরকারের শিল্পমন্ত্রীর দায়িত্ব নেন। ১৯৯৫ সালে প্যারিসের উত্তরাঞ্চলীয় সার্সেই'র মেয়র নির্বাচিত হন তিনি। ১৯৯৭ সালে নির্বাচনে জয়ী হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেও দুই বছর পর ১৯৯৯ সালে পদত্যাগ করেন।
এরপর ২০০৭ সালের নভেম্বর মাসে ৫ বছরের জন্য আইএমএফ'র ব্যবস্থাপনা পরিচালক মনোনীত হন স্ট্রস-কান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/এমআই/১৬৩৩ ঘ.
bdnews24