২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'উ. কোরিয়া ও ইরান ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিনিময় করে'

জাতিসংঘ নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া ও ইরান নিয়মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিনিময় করছে বলে সন্দেহ প্রকাশ করেছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 07:22 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

নিউ ইয়র্ক , মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘ নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া ও ইরান নিয়মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিনিময় করছে বলে সন্দেহ প্রকাশ করেছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল। জাতিসংঘের এক গোপন প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এ খবর দিয়েছে। নিষিদ্ধ এই প্রযুক্তি "প্রতিবেশী তৃতীয় একটি দেশ হয়ে পাচার করা হয়" বলে প্রতিবেদনে বলা হয়েছে। আর, নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কূটনীতিক রয়টার্সকে বলেছেন, প্রতিবেশী তৃতীয় দেশটি চীন। জাতিসংঘ নিয়োজিত বিশেষজ্ঞদের একটি দল নিরাপত্তা পরিষদে প্রতিবেদনটি জমা দেয়। দলটি উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা তদারকি করে। ২০০৬ ও ২০০৯ সালে দুটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের পর জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার সাথে সব ধরনের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বাণিজ্য নিষিদ্ধ করা হয়, একই সাথে উত্তর কোরিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। জাতিসংঘ উত্তর কোরিয়ার অনেকগুলো প্রতিষ্ঠানের ওপরও বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করে এবং উত্তর কোরীয় কয়েকজন ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে তাদের সম্পদ জব্দেরও নির্দেশ দেয়। প্রতিবেদনটিতে বলা হয়,"গণপ্রজাতন্ত্রী কোরিয়া এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান নিষিদ্ধ ব্যালিস্টিক মিসাইল সম্পর্কিত সামগ্রী এয়ার কোরিয়া ও ইরান এয়ার-এর নির্ধারিত ফ্লাইটের মাধ্যমে নিয়মিত বিনিময় করছে বলে সন্দেহ করা হচ্ছে।" "নিষিদ্ধ অস্ত্র এবং আনুষাঙ্গিক সামগ্রী পাঠানোর জন্য উত্তর কোরিয়া ভাড়া করা কার্গো বিমান ব্যবহার করতে স্বাচ্ছ্যন্দবোধ করে বলে মনে হচ্ছে।" প্রতিবেদনে বলা হয়, কার্গো বিমানগুলো মালমাল আনা নেওয়া করতে নিয়মিত বিমানবন্দরগুলো এড়িয়ে কার্গোহাবগুলো ব্যবহার করে। এর ফলে কার্গোগুলোকে সাধারণ বিমানবন্দরগুলোর নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হয় না। নিরাপত্তা পরিষদের কয়েকজন কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, প্রতিবেদনটি নিয়ে চীনের অসন্তোষ আছে, তাই চীন হয়তো এটা প্রকাশ করতে দেবে না। গোপন প্রতিবেদনটি নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রই শুধু আনুষ্ঠানিকভাবে দেখতে পারবে। যারা প্রতিবেদনটি তৈরী করেছে জাতিসংঘের সেই স্বাধীন বিশেষজ্ঞ দলে চীনের এক নাগরিক আছেন। নিরাপত্তা পরিষদের কূটনীতিকরা বলছেন, তিনি কখনো এই প্রতিবেদন অনুমোদন করবেন না। এর আগে উত্তর কোরিয়া ও সুদানের বিষয়ে জাতিসংঘ বিশেষজ্ঞ দলের গোপন প্রতিবেদন প্রকাশ করতে দেয়নি চীন। গত সপ্তাহের প্রথম দিকে ইরানের ওপর এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশে বাঁধা দেয় রাশিয়া। এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য জাতিসংঘে চীনের মুখপত্রকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৩১২ ঘ.