২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন কেলেঙ্কারিতে গ্রেপ্তার আইএমএফ প্রধান

যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় নিউ ইয়র্কে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক দমিনিক স্ত্রস কান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 03:29 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

নিউ ইয়র্ক, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় নিউ ইয়র্কে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক দমিনিক স্ত্রস কান। শনিবার জন এফ কেনেডি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র পল ব্রাউন সাংবাদিকদের বলেছেন, ৩২ বছর বয়সি এক নারীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রস কানকে আটক করা হয়েছে। ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ৬২ বছর বয়সি স্ত্রস কান স্যোসালিস্ট পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় ওই নির্বাচনের প্রায় ১ বছর আগে যুক্তরাষ্ট্রে এ কেলেঙ্কারিতে জড়ালেন তিনি। দমিনিক যে হোটেলে ছিলেন, অভিযোগকারী নারী সে হোটেলেরই কর্মী। দমিনিক যৌনাকাক্সক্ষা থেকে তার ওপর চড়াও হন বলে ওই নারীর অভিযোগ। পুলিশ মুখপাত্র ব্রাউন বলেন, সন্ধ্যার ঘটনার পরপরই তড়িঘড়ি করে হোটেল ছাড়েন স্ত্রস কান। বিমানবন্দরে গিয়ে প্যারিসগামী এয়ার ফ্রান্সের একটি বিমানেও উঠে পড়েছিলেন তিনি। কিন্তু বিমান ছাড়ার আগেই দমিনিককে নামিয়ে আনে নিউ ইয়র্ক পুলিশ। আটক করার সময় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ না আনলেও পুলিশ জানিয়েছে, রোবববারই তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। পুলিশ জানায়, টাইমস স্কয়ারের কাছের বিলাসবহুল সোফিটেল হোটেল এ ঘটনা ঘটে। এরপর ওই হোটেলকর্মীকে কাছের রুজভেল্ট হোটেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সংস্থার প্রধানের এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি আইএমএফ। সংস্থার কর্মকর্তারা বলেন, তারা এখনো বিষয়টি ভালোভাবে জানেন না। নারী কেলেঙ্কারিতে এর আগেও জড়িয়েছেন স্ত্রস কান। ক্ষমতার অপব্যবহার করে ২০০৮ সালে আইএমএফ'র উচ্চপদস্থ এক নারী অর্থনীতিবিদের সঙ্গের ঘটনার জন্য ক্ষমাও চাইতে হয় তাকে। ১৯৬৭ সালে প্রথম বিয়ের পর আরো দুজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন স্ত্রস কান। বর্তমান স্ত্রী সাংবাদিক অ্যান সিনক্লেয়ারকে তিনি বিয়ে করেন ১৯৯১ সালে। ১৯৯০ এর দশকে ফ্রান্সের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রপথিক হিসেবে পরিচিত দমিনিক স্ত্রস কান ১৯৪৯ সালের ২৫ এপ্রিল প্যারিসের পশ্চিমাঞ্চলীয় নিউলিতে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করে অর্থনীতির অধ্যাপক হিসেবে চাকরি করার পাশাপাশি ১৯৭৭ সালে সোস্যালিস্ট পার্টিতে যোগ দেন তিনি। ১৯৯১ সালে তিনি ফরাসি সরকারের শিল্পমন্ত্রীর দায়িত্ব নেন। ১৯৯৫ সালে প্যারিসের উত্তরাঞ্চলীয় সার্সেই'র মেয়র নির্বাচিত হন তিনি। ১৯৯৭ সালে নির্বাচনে জয়ী হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেও দুই বছর পর ১৯৯৯ সালে তিনি পদত্যাগ করে। এরপর ২০০৭ সালের নভেম্বর মাসে ৫ বছরের জন্য আইএমএফ'র ব্যবস্থাপনা পরিচালক মনোনীত হন স্ত্রস কান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১১২৫ ঘ.