মিয়ামি, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের তালেবানকে অর্থ ও অন্যান্য সহায়তা দেওয়ার অভিযোগে দুই ছেলেসহ ফ্লোরিডার এক ইমামকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, হাফিজ শের আলি খান (৭৬) এবং তার ছেলে ইজহার খান (২৪) ও ইরফান খান (৩৭)।
ফ্লোরিডার প্রধান সরকারি আইন কর্মকর্তা (অ্যাটর্নি) উইফ্রেডো এ ফেরের রোববার এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
হাফিজ মিয়ামি মসজিদের এবং ইজহার ফ্লোরিডার মার্গাটের জামাত আল-মুমিনিন মসজিদের ইমামের দায়িত্ব পালন করতেন। এ দুজনকে ফ্লোরিডা থেকে গ্রেপ্তার করা হয়। আর ইরফানকে গ্রেপ্তার করা হয় লস এঞ্জেলস থেকে।
বিবৃতিতে বলা হয়, আলী রেহমান, আলম জেব এবং আমিনা খান নামের পাকিস্তানের তিন নাগরিকের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে আমিনা খান ইমাম হাফিজের মেয়ে এবং আলম জেব ইমামের নাতি। পাকিস্তানের ওই তিন নাগরিককে এখনো গ্রেপ্তার করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, "পাকিস্তান সরকার এবং যুক্তরাষ্ট্রসহ দেশটির অন্য মিত্রদের বিরুদ্ধে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন জায়গায় হত্যা, অপহরণ, হামলা পরিচালনাকারী তালেবানকে অর্থ ও অন্যান্য সহায়তা দেয় এরা।"
অ্যাটর্নি ও এফবিআই কর্মকর্তারা ওই ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহায়তার চারটি ধারায় অভিযোগ এনেছেন। অপরাধ প্রমাণিত হলে প্রতিটি ধারার জন্য সর্বোচ্চ ১৫ বছরের সাজা হওয়ার বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০০৭ ঘ.
bdnews24