দুবাই, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রেপ্তারের শঙ্কা মাথায় নিয়েই ২০১২ সালে দেশে ফেরার পরিকল্পনা করছেন পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মুশাররফ।
২০১৩ সালের নির্বাচনে অংশ নেওয়ার জন্যই নির্বাসন থেকে দেশে ফিরবেন বলে শুক্রবার তিনি সাংবাদিকদের জানান।
দুবাইয়ে এক সাংবাদিক সম্মেলনে মুশাররফ বলেন, "আগামী বছর ২৩ মার্চ আমার লাহোরে যাওয়ার পরিকল্পনা রয়েছে"।
তিনি আরো বলেন, "আমার গ্রেপ্তার হওয়ার ঝুঁকি রয়েছে। তবে পাকিস্তানের জন্য আমি এ ঝুঁকি নেবো।"
গ্রেপ্তার এড়ানোর জন্য তিনি কোনো মধ্যস্থতায় যাচ্ছেন না বলেও জানান পাকিস্তানের সাবেক এ সামরিক শাসক।
সেইসঙ্গে তিনি পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথাও ব্যক্ত করেন।
২০১৩ সালে পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে এ বছরের শুরুতে সাবেক এ প্রেসিডেন্টের এক মুখপাত্র জানান, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
আল কায়েদা নেতা বিন লাদেন হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে বর্তমানে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন চলছে।
একদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, বিন লাদেনের পাকিস্তানে আত্মগোপন করে থাকার বিষয়টি সরকারের কোনো না কোনো কর্মকর্তা নিশ্চয়ই জানতো।
অন্যদিকে, বিষয়টি অস্বীকার করে উল্টো নিজ দেশের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের এই সেনা অভিযানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।
এই অবস্থাতেই পাকিস্তানে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন এককালের স্বৈরশাসক মুশাররফ।
বিন লাদেনের আত্মগোপনের বিষয়টি নিয়েও মন্তব্য করেছেন মুশাররফ। তিনি বলেন, "আমি মনে করি গোয়েন্দা সংস্থার কারো না কারো জানা উচিৎ সে (বিন লাদেন) কোথায় ছিল। কর্মকর্তারা প্রতি তিন বছর পর পর পরিবর্তিত হয়।"
প্রসঙ্গত, গত ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী সেনা শহর অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে মার্কিন কমান্ডোরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫৬ ঘ.
bdnews24