ত্রিপোলি, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শাসক মুয়াম্মার গাদ্দাফিকে হটাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় লিবিয়ার বিদ্রোহীরা।
গাদ্দাফির পতন ঘটাতে লড়াইয়ের কূটনৈতিক বৈধতা এবং অর্থ দুইই চায় তারা।
এ লক্ষ্যে বিদ্রোহীরা শুক্রবার হোয়াইট হাউসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে।
লিবিয়ার বিদ্রোহীদের 'ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল' এর নির্বাহী ব্যুরো প্রধান মাহমুদ জেবরিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে একথা জানিয়েছে।
বিদ্রোহীদের লড়াই চালিয়ে যাওয়ার জন্য গাদ্দাফির জব্দ করা তহবিল থেকে ১৮০ মিলিয়ন ডলার বরাদ্দের জন্য ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছেন মাহমুদ জেবরিল।
বিদ্রোহী পরিষদের চেয়ারম্যান মুস্তফা আব্দুল জলিল আরো সাহায্যের প্রতিশ্রুতি আদায়ের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করার একদিন পর ওয়াশিংটনের সঙ্গে এ বৈঠক শুরু হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৬ ঘ.
bdnews24