ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- পশ্চিমবঙ্গে বিপুল ভোটে জয়লাভ করা তৃণমূল কংগ্রেস-জোটের নেত্রী মমতা ব্যানার্জি শুক্রবার দলের শরিক কংগ্রেস এবং বাম বিরোধী দল 'স্যোশালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিযা'কে তার সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
কালিঘাটের বাসভবনে সাংবাদিকদের মমতা বলেন, "আমি কংগ্রেস এবং এসইউসিআই কে আমাদের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।" পিটিআই এ খবর দিয়েছে।
নয়া দিল্লিতে কংগ্রেস নেতা এবং অর্থমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতা ভাগাভাগির সিদ্ধান্ত দল এখনো নেয়নি।
ওদিকে, এসইউসিআই মমতার সরকারে যোগ দেওয়ার আমন্ত্রণ নাকচ করেছে।
পশ্চিমবঙ্গে কেবল সিপিআই(এম)'র দীর্ঘদিনের শাসনাবসানের জন্যই তারা তৃণমূল কংগ্রেস জোটকে সমর্থন দিয়েছে বলে জানিয়েছে।
এসইউসিআই এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ সাংবাদিকদের বলেন, "তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের মতবিরোধিতা সত্ত্বেও আমরা কেবল সিপিআই(এম) কে পরাজিত করার জন্যই তাদেরকে সমর্থন করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/১৯৩৮ঘ.
bdnews24