২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারলেন বুদ্ধদেবও

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে হেরে গেলেন শাসকদল বামফ্রন্টের নেতা ও মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে হেরে গেলেন শাসকদল বামফ্রন্টের নেতা ও মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কলকাতার টেলিভিশন চ্যানেল নেটওয়ার্ক ইটিভি বাংলায় পরিবেশিত খবরে এবং আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে বলা হয়, বুদ্ধদেব ভট্টাচার্য যাদবপুর আসনে তৃণমূল প্রার্থী মনীশ গুপ্তের কাছে ১৬ হাজার ৭৭৭ ভোটে পরাজিত হয়েছেন। তিনি হলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি বিধানসভা নির্বাচনে হেরে গেলেন। এর আগে ১৯৬৭ সালে মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন বিধানসভা নির্বাচনে হেরে যান। শুক্রবার দুপুরে দলের পরাজয় স্পষ্ট হয়ে ওঠায় তিনি পদত্যাগ করেন। অবশ্য বুদ্ধদেবের মতোই হারতে হয়েছে শিল্পমন্ত্রী নিরুপম সেন, অর্থমন্ত্রী অশোক দাশগুপ্ত, গৃহায়ণ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, পুরমন্ত্রী অশোক ভট্টচার্যকে। অপরদিকে তৃণমূল-কংগ্রেস জোটের কোনো হেভিওয়েট প্রার্থীর পরাজয়ের খবর পাওয়া যায়নি। বুদ্ধদেব ভট্টাচার্য ২০০০ সালের ৬ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৭ সাল থেকে তিনি বিধানসভার যাদবপুর আসনে নির্বাচিত হয়ে আসছিলেন। ১৯৭৭ সালে কলকাতার কুশি আসন থেকে প্রথম বিধানসভার সদস্য নির্বাচিত হন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিএমের পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০০ সালের নভেম্বরে জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাড়ালে বুদ্ধদেব তার স্থলাভিষিক্ত হন। এর আগে বুদ্ধদেব বিভিন্ন মেয়াদে স্বরাষ্ট্র, তথ্য ও উপ-মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালের ২১ জুন থেকে বামফ্রন্ট পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে। রাজ্যে বিগত পঞ্চায়েত, পৌরসভা ও লোকসভা নির্বাচনে বামফ্রন্টের ব্যাপক ভরাডুবি হয়। সিঙ্গুর, নন্দিগ্রাম, রেজওয়ান হত্যাকাণ্ডের মতো বিষয়কে এর জন্য দায়ী করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/কেএমএস/১৬৪৪ ঘ.