ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচণে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমুল-কংগ্রেস জোট বিপুল জয়ের পথে রয়েছে।
মমতা ব্যানার্জি শুক্রবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠায় আমি ভীষণ খুশী।"
মমতা জানান, তৃণমূল-কংগ্রেস জোট জয়ী হলে তিনি হবেন মুখ্যমন্ত্রী। ৬ মাস পর উপনির্বাচনের মধ্য দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন বলে আশা করেন।
বিধানসভা নির্বাচনে তৃণমুল-কংগ্রেস জোট জয়ী হলে জোট নেতা ও ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা ছিলো। শুক্রবার মমতার বক্তব্যের মধ্য দিয়ে সেই জল্পনা কল্পনার অবসান ঘটলো।
মমতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়েছেন।
মমতা বলেন, তার জোট পশ্চিমবঙ্গে সরকার গঠন করলে দুই বাংলার মধ্যে সম্পর্ক আগামী দিনে আরো জোরদার হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএনএ/কেএমএস/১৪১৫ ঘ.
bdnews24