২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের অভিযোগে দেমইয়ানুকের ৫ বছরের জেল

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসী বাহিনীর যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে জন দেমইয়ানুককে পাঁচ বছরের জেল দিয়েছে জার্মানির একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

মিউনিখ, জার্মানি, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসী বাহিনীর যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে জন দেমইয়ানুককে পাঁচ বছরের জেল দিয়েছে জার্মানির একটি আদালত। দেমইয়ানুক পোল্যান্ডের সোবিবোর ডেথ ক্যাম্পের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করার সময় ইহুদি হত্যায় নাৎসী বাহিনীকে সহায়তা করেন বলে প্রমাণ পেয়েছে মিউনিখ আদালত। ওই নির্যাতন কেন্দ্রে ২৭ হাজার নয়শ' ইহুদিকে হত্যা করে হিটলারের নাৎসী বাহিনী। বিচারক রালফ আল্ট বলেন, "দেমইয়ানুক ১৯৪৩ সালের ২৭ মার্চ থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত সোবিবোর ক্যাম্পের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেছেন-এ বিষয়ে যথেষ্ট প্রমাণ পেয়েছে আদালত। একজন নিরাপত্তারক্ষী হয়েও তিনি অন্তত ২৮ হাজার মানুষ হত্যায় জড়িত ছিলেন।" এ মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন দেমইয়ানুকের আইনজীবিরা। জার্মানির সরকারি আইনজীবিরা বলেছেন, এসএস ক্যাম্পের রক্ষী হিসেবে তাকে নিয়োগ দেয় নাৎসী বাহিনী এবং একটি ডেথ ক্যাম্পে কাজ করে গণহত্যায় অংশ নেন তিনি। অভিযোগ রয়েছে, সোবিবোরের গ্যাস চেম্বারে ঢুকিয়ে আনুমানিক আড়াই লাখ মানুষকে হত্যা করেছে নাৎসী বাহিনী। ১৯২০ সালে ইউক্রেনে জন্ম নিয়ে সোভিয়েত শাসনে বেড়ে ওঠেন দেমইয়ানুক। সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজের সদস্য থাকাকালে ১৯৪২ সালে জার্মান বাহিনীর হাতে তিনি বন্দি হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। ওহাইও অঙ্গরাজ্যে একটি গাড়ির কারখানায় মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি। ২০০৯ সালে যুক্তরাষ্ট্র তাকে জার্মানির কাছে হস্তান্তর করে। তখন থেকে আটক থাকায় ৯১ বছর বয়সী দেমইয়ানুকের সাজার মেয়াদ কমে আসবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এর আগে ইসরাইলে আট বছর আটক ছিলেন তিনি। আশির দশকে ইসরায়েলের একটি আদালত তাকে পোল্যান্ডের ট্রেবিলিংকা ডেথ ক্যাম্পের নিরাপত্তারক্ষী 'আইভান দ্য টেরিবল' হিসেবে সনাক্ত করে মৃতুদ- দেয়। পরবর্তীতে প্রমাণ পাওয়া যায়, দেমইয়ানুক নন, অন্য এক ইউক্রেনিয়ান ছিলেন 'আইভান দ্য টেরিবল'। ওই প্রমাণের ভিত্তিতে মৃতুদ-ের হাত থেকে রেহাই পান দেমইয়ানুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯২১ঘ.