ইসলামাবাদ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে ওসামা বিন লাদেনকে নিয়ে বাড়তে থাকা চাপের মধ্যে সেখানে চালক বিহীন বিমান (ড্রোন) থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
বিন লাদেনকে হত্যার পর পাকিস্তানে বৃহস্পতিবার তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ৮ জন নিহত হয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
২ মে লাদেন হত্যা অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে, লাদেনের লুকিয়ে থাকার বিষয়টি পাকিস্তানের জানা ছিল। অপর দিকে এ অভিযানকে সার্বভৌমত্বের লঙ্ঘন দাবি করে ক্ষুব্ধ পাকিস্তান।
এ অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে বৃস্পতিবার উত্তর ওয়াজিরিস্তানে একটি গাড়ি লক্ষ্য করে চালক বিহীন বিমান থেকে দু'টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ৮ জঙ্গি নিহত হয়। গাড়িটি আফগান সীমান্তের দিকে যাচ্ছিলো।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, "এখনো ওই এলাকার ওপর দিয়ে উড়ছে কমপক্ষে চারটি চালকবিহীন বিমান।"
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) প্রায়ই পাকিস্তানের পশতুন আদিবাসী এলাকায় চালকবিহীন বিমান হামলা চালায়।
তবে লাদেনকে ধরার পর তৃতীয়বারের মতো এ হামলায় অঞ্চলটিতে এ ধরনের হামলা আরো বাড়ারই আভাস পাওয়া যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪৮ ঘ.
bdnews24