করাচি, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান জঙ্গি নির্মূল অভিযানের খরচ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩০ কোটি ডলার সহায়তা পেতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কর্মকর্তারা।
আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে পাওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ ঘনীভূত হওয়ার এ সময়ে দেশটিকে সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন আইনপ্রণেতারা।
এর মধ্যেই ওই অর্থ সহায়তা পাওয়ার সম্ভাবনার কথা জানালেন পাকিস্তানের অর্থ বিষয়ক এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করে তিনি বলেন, "পাকিস্তান খুব শিগগিরই ৩০ কোটি মার্কিন ডলার পাচ্ছে।"
যুক্তরাষ্ট্রের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অভিযানে সহযোগী দেশগুলোর জন্য গঠিত 'কোয়ালিশন সাপোর্ট ফান্ড' (সিএসএফ) এর অংশ হিসেবে এ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।
পাকিস্তান ২০০১ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সামিল হওয়ার পর থেকে দেশটিকে ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে মার্কিন প্রশাসন।
তবে সিএসএফের অর্থ সরকারিভাবে যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা হিসেবে গণ্য নয়।
জঙ্গি নির্মূল অভিযান পাকিস্তান গুরুত্বের সঙ্গে নিচ্ছে কিনা সে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন মার্কিন আইনপ্রণেতা। কেউ কেউ আবার এ সহায়তা বন্ধেরও আহ্বান জানিয়েছেন।
কিন্তু যুক্তরাষ্ট্র জঙ্গিবিরোধী লড়াই এবং আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরানোর স্বার্থে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা অক্ষুন্ন রাখার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৯ ঘ.
bdnews24