২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফি দুই সপ্তাহ পর টিভিতে

লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার গাদ্দাফিকে দেখা গেছে। গাদ্দাফি বেঁচে আছেন কি না তা নিয়ে ন্যাটো যে সংশয় প্রকাশ করেছিল এর মধ্য দিয়ে সেই জল্পনা-কল্পনার অবসান হলো। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ত্রিপোলি, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার গাদ্দাফিকে দেখা গেছে। গাদ্দাফি বেঁচে আছেন কি না তা নিয়ে ন্যাটো যে সংশয় প্রকাশ করেছিল এর মধ্য দিয়ে সেই জল্পনা-কল্পনার অবসান হলো। ত্রিপোলিতে গাদ্দাফি কম্পাউন্ডে গত ৩০ এপ্রিল ন্যাটোর মিসাইল হামলায় তার ছেলে নিহত হওয়ার পর এটাই তার প্রথম টিভি উপস্থিতি। ওই হামলায় গাদ্দাফির ছোট ছেলে ও পরিবারের কয়েক সদস্যের মৃত্যু এবং এরপর দুই সপ্তাহ ধরে গণমাধ্যম বা জনসমক্ষে তার অনুপস্থিতি করাণে ন্যাটো সংশয় প্রকাশ করেছিল যে, গাদ্দাফি বেঁচে আছেন কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নন। লিবিয়ার রাষ্ট্রীয় আল-জামাহিরিয়া টেলিভিশনে বুধবার সম্প্রচারিত দৃশ্যে গাদ্দাফিকে ত্রিপোলির একটি হোটেলে সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠকরত অবস্থায় দেখা গেছে। বৈঠকে তিনি তার চিরাচরিত ঢিলেঢালা বাদামী পোশাক, কালো রোদচশমা এবং কালো টুপি পরে হাজির হয়েছেন। প্রদর্শিত টিভি দৃশ্যের এক কোণে বুধবারের তারিখ দেখা যাচ্ছিল। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের দিকে আঙুল তুলে গাদ্দাফি বলেন,"আমরা বিশ্বকে জানাচ্ছি ওনারাই লিবিয়ার উপজাতীয়দের প্রতিনিধি।" এসময় তিনি কারো কারো নামও উল্লেখ করেন। উপস্থিতদের মধ্য থেকে এক বৃদ্ধ গাদ্দাফিকে উদ্দেশ্য করে বলেন, "আপনি জয়ী হবেন"। রয়টার্স জানিয়েছে, গাদ্দাফি যে হোটেলে বৈঠক করেছেন একই হোটেলে রয়টার্সের সাংবাদিকরাও অবস্থান করছিলেন। বৈঠকের দিন হোটেলের কিছু কক্ষ সিল করে দেওয়া হয়েছিল বলেও জানান তারা। লিবিয়ার রাজধানী ত্রিপোলির ওই হোটেলে অবস্থানরত রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। সেগুলো ত্রিপোলিতে ন্যাটোর আক্রমণের কারণে হয়েছে বলে মনে করছেন তারা। বিস্ফোরণে হোটেলের কাঁচের জানালাগুলো কেঁপে ওঠে বলে জানান তিনি। এর আগে বুধবার বিদ্রোহীরা দাবি করেছে তীব্র যুদ্ধের পর তারা মিসরাতা শহরের বিমান বন্দর দখল করেছে। এটিকে একটি বিশাল বিজয় বলে দাবি করে বিদ্রোহীরা জানিয়েছে তারা প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ আটক করেছে। তবে বিদ্রোহীদের এই দাবি কোন নিরপেক্ষ সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। গাদ্দাফি অনুগত বাহিনী গত দুই মাস ধরে মিসরাতা অবরোধ করে রেখেছে। এখানে বিদ্রোহীদের সাথে তাদের তীব্র যুদ্ধ চলছে। কৌশলগতভাবে মিসরাতা একটি গুরুত্বপূর্ণ শহর এবং লিবিয়ার পশ্চিমাংশে এটি বিদ্রোহীদের দখলে থাকা একমাত্র শহর। এখানে একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরও আছে যার মাধ্যমে তেল রপ্তানী হয়। লিবিয়ার রাজধানী ত্রিপোলি দেশটির পশ্চিমাংশেই অবস্থিত। এদিকে, বুধবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন "দ্রুত এবং কার্যকর" একটি যুদ্ধ বিরতিতে আসার জন্য লিবিয়ার বিবদমান দুই পক্ষকে আহ্বান জানান। বিদ্রোহীরা তাৎক্ষণিকভাবেই তা প্রত্যাখান করলেও এ বিষয়ে গাদ্দাফি সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৫০০ ঘ.