লন্ডন, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একজন নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা এবং যথাযথ ভাবে সমাহিত না করে যুক্তরাষ্ট্র আইনের মূলনীতি লঙ্ঘন করেছে বলে এক বিবৃতিতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেন।
বিবৃতিতে বিন লাদেনকে সমাহিত করার প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন ওমর।
এতে প্রশ্ন তোলা হয়, কেন আল কায়েদা নেতাকে "গ্রেপ্তার করে আইনের মুখোমুখি দাঁড় করিয়ে বিশ্ববাসীকে প্রকৃত সত্য জানার সুযোগ দেওয়া হলো না"।
এ প্রসঙ্গে বিবৃতিতে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ও স্লোবোদান মিলোসোভিচের বিচারের প্রসঙ্গ উল্লেখ করা হয় বলে এনডিটিভি পরিবেশিত খবরে জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের হত্যাকাণ্ড সমর্থন শুধু আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনই নয়, নিরপেক্ষ বিচার ব্যবস্থাও অবজ্ঞার শিকার হয়েছে।
এতে বলা হয়, "আমরা মনে করি, এ ধরনের অযৌক্তিক হত্যাকাণ্ড রাজনৈতিক সমস্যা সমাধানের পথ নয়"।
"আইনের মাধ্যমেই এর সমাধান খুঁজতে হবে"- যোগ করেন তিনি।
বিবৃতিটি দ্য নিউ ইয়র্ক টাউমস-এ মঙ্গলবার প্রকাশিত হয়। ওসামা বিন লাদেনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনাকারী হিসেবেই ওমর বিন লাদেন পরিচিত।
একই বিবৃতির কিছুটা পরিবর্তিত অবস্থায় একটি জেহাদি ওয়েবসাইটেও পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, "আল কায়েদা প্রধানের সন্তানদের তাদের নিখোঁজ পিতার পরিণতি সম্পর্কে জানার জন্য যুক্তরাষ্ট্রে এবং আন্তর্জাতিকভাবেই আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে"।
ওমর বিন লাদেন কয়েক বছর ধরে উপসাগরীয় দেশগুলোতে বসবাস করছেন।
২০০৯ সালে তিনি শৈশবের স্মৃতি নিয়ে 'গ্রোয়িং আপ বিন লাদেন' শিরোনামে একটি বই প্রকাশ করেন।
ওসামা বিন লাদেনের চতুর্থ ছেলে ওমর বিন লাদেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৯ ঘ.
bdnews24