২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসামা মিশন নিয়ে গোপন চুক্তি অস্বীকার করলেন মুশাররফ

ওসামা বিন লাদেনসহ আল কায়দার শীর্ষ নেতাদের ধরতে পাকিস্তানে অভিযান চালানোর অনুমতি এক দশক আগেই যুক্তরাষ্ট্রকে দেওয়ার খবর অস্বীকার করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

লন্ডন, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসামা বিন লাদেনসহ আল কায়দার শীর্ষ নেতাদের ধরতে পাকিস্তানে অভিযান চালানোর অনুমতি এক দশক আগেই যুক্তরাষ্ট্রকে দেওয়ার খবর অস্বীকার করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। দুই দেশের গোপন এ চুক্তির বিষয়টি ফাঁস করে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক 'দ্য গার্ডিয়ান'। সোমবার পত্রিকাটি জানায়, ২০০১ সালে বিন লাদেন আফগানিস্তানের তোরা বোরা পাহাড় থেকে পালিয়ে বাঁচার পরই বুশ প্রশাসনের সঙ্গে ইসলামাবাদের একটি চুক্তি হয়, যাতে যুক্তরাষ্ট্র আল কায়দা নেতাদের ধরতে যে কোনো সময় পাকিস্তানি ভূখন্ডে অভিযান চালানোর অনুমোদন পায়। কিন্তু পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল 'এআরওয়াই নিউজ' কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে গার্ডিয়ানের এ খবর পুরোপুরি নাকচ করেছেন মুশাররফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে পাকিস্তানে একতরফা সামরিক অভিযানের অনুমতি দিয়ে কখনো কোনো মৌখিক বা লিখিত চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজ খবরটি দিয়েছে। মুশাররফ আরো বলেন, "এ ধরনের কোনো চুক্তি থেকে থাকলে তা পার্লামেন্টে উপস্থাপন করা উচিত।" মুশাররফ তার ফেইসবুকের বার্তাতেও এ ধরনের কোনো চুক্তি সইয়ের কথা অস্বীকার করেছেন। এতে বলা হয়, "পাকিস্তানে মার্কিন বাহিনীকে বিন লাদেনের পিছু ধাওয়া করতে আমার অনুমতি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে কোনো ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা দেওয়া তো দূরে থাক, এরকম কোনো বিষয় নিয়ে আমার সঙ্গে প্রেসিডেন্ট বুশের আলাপ পর্যন্ত হয়নি।" বিন লাদেনকে হত্যার পর ইসলামাবাদ-ওয়াশিংটন কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে গার্ডিয়ান গোপন চুক্তির ওই খবর প্রকাশ করে। এ ধরনের চুক্তির কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, "বুশ ও মুশাররফের মধ্যে চুক্তি হয়েছিলো যে ওসামাকে পাকিস্তানের যেখানেই পাওয়া যাবে সেখানেই অভিযান চালাবে যুক্তরাষ্ট্রের সেনারা।" ওই সময় সামরিক শাসক মুশাররফ ছিলেন পাকিস্তানের ক্ষমতায়। আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে এখন যুক্তরাজ্যে রয়েছেন তিনি। তবে ২০০৮ সালের ফেব্র"য়ারি থেকে ছয়মাস পর্যন্ত পাকিস্তানের সেনা শাসনের পরিবর্তনের সময় ওই চুক্তি নবায়ন করা হয় বলে পাকিস্তানের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানান। নির্বাচনের মাধ্যমে শাসনব্যবস্থায় পরিবর্তন আসার পরও মুশাররফ বেশকিছুদিন প্রেসিডেন্ট পদে বহাল ছিলেন। গত ২ মে ভোররাতে ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদ এলাকায় যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিশেষ এক অভিযানে নিহন হন আল কায়দার শীর্ষ নেতা বিন লাদেন। এ অভিযানের খবর পাকিস্তানকে আগে বলেনি ওয়াশিংটন। বিন লাদেন হত্যার মিশনের বিষয়ে পাকিস্তানকে আগে না জানানোর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান লিও প্যানেট্টা বলেন, পরিকল্পনা ফাঁস হওয়ার শঙ্কা থেকেই ইসলামাবাদকে কিছু জানানো হয়নি। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সোমবার বলেছেন, বিন লাদেন হত্যার মিশন শুরুর ১৫ মিনিটের মধ্যেই তাকে জানানো হয়েছিলো। তবে আল কায়দার শীর্ষ নেতাকে হত্যায়ই যে অভিযান চলছে, তা তাকে বলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/সিআর/এলকিউ/১৫২০ ঘ.