২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গাদ্দাফি কম্পাউন্ডে আবারো ন্যাটোর হামলা'

ত্রিপোলিতে লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির কম্পাউন্ড লক্ষ করে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ন্যাটো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 04:55 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিপোলিতে লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির কম্পাউন্ড লক্ষ করে আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ন্যাটো। মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলার ফলে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লিবিয়ার স্থানীয় সময় মঙ্গলবার রাত ২ টার (বাংলাদেশ সময় সকাল ৬টা) দিকে ত্রিপোলিতে প্রায় ৩ ঘণ্টাব্যাপী ন্যাটো আট দফা বিমান হামলা চালায়। প্রথম দিকে চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিন্তু কিছুক্ষণ পরই আরো দুটি বিস্ফোরণ ঘটে। স্থানীয় অধিবাসীরা আল জাজিরাকে জানিয়েছে, শুধু গাদ্দাফির কম্পাউন্ড নয়, একটি গোয়েন্দা সংস্থাও এ হামলার লক্ষ্য ছিল। সোমবার শেষভাগে দু'দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় লিবিয়ান টেলিভিশন এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানার (জেএএনএ) অবস্থান স্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। লিবীয় কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছে, ত্রিপোলিতে রাতভর ন্যাটোর বিমান হামলায় বিস্ফোরণের ফলে কাঁচ ছিটকে চার শিশু আহত হয়েছে। "দুটি শিশু গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে"- বলে জানান এক কর্মকর্তা। গাদ্দাফি কিংবা তার সরকারের কোনো ভবিষ্যৎ নেই, সময় শেষ হয়ে যাওয়ার আগেই যতদ্রুত সম্ভব তা তার অনুধাবন করা উচিৎ- বলে ন্যাটোর প্রধান আন্দ্রেজ ফগ রাসমুসেন বক্তব্য দেওয়ার পরই এ হামলা চালালো ন্যাটো। জাতিসংঘের 'জননিরাপত্তা' নীতির আওতায় চলতি বছরের ১৯ মার্চ লিবিয়ায় গাদ্দাফি অনুগত বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে পশ্চিমা যৌথ বাহিনী। পরবর্তী সময়ে অনেক আলোচনার পর ৩১ মার্চ লিবিয়া অভিযানের নেতৃত্ব গ্রহণ করে ন্যাটো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৯ ঘ.