জাকার্তা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারকে ২০১৪ সালে ১০-সদস্যবিশিষ্ট আসিয়ানের সভাপতিত্ব দেওয়ার কথা ভাবছেন নেতারা। এর আগে আসিয়ান নেতারা এ জোটের সভাপতিত্ব করার মিয়ানমারের অনুরোধে রাজি বলে জানিয়েছিলেন।
কিন্তু রোববার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলার মধ্য দিয়ে তারা আগের অবস্থান থেকে সরে এলেন।
জাকার্তায় ২ দিনের আসিয়ান সম্মেলন শেষে এক বিবৃতিতে নেতারা বলেন, আসিয়ানের নীতির প্রতি মিয়ানমারের দৃঢ় অঙ্গীকার দেখে আমরা ২০১৪ সালে শীর্ষ সম্মেলন আয়োজনের দায়িত্ব দেওয়ার জন্য দেশটির অনুরোধ বিবেচনায় নিয়েছি।"
এতে আরো বলা হয়, মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠান এবং মার্চে নতুন সরকার গঠনের পর আসিয়ান নেতারা দেশটির সুস্থিত অগ্রগতি ও রাজনৈতিক উন্নয়নকে সমর্থন জানিয়েছে।
এর আগের একটি খসড়া বিবৃতিতে নেতারা জানিয়েছিলেন, আসিয়ান ইতোমধ্যেই ২০১৪ সালে মিয়ানমারের আসিয়ানের সভাপতি হওয়ার প্রস্তাবে রাজি হয়েছে।
মিয়ানমারে গত মার্চে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘসময় সেনাশাসনের পর নতুন বেসামরিক সরকার গঠিত হয়। কিন্তু অনেক পর্যবেক্ষকই নির্বাচনকে ভাঁওতাবাজি বলে এর সমালোচনা করেন। দেশটিতে পর্দার অন্তরালে জেনারেলরাই ক্ষমতায় রয়ে গেছেন বলে দাবি করেছেন তারা।
আর তাই মিয়ানমারকে আসিয়ানের সভাপতিত্ব দেওয়ার যে কোনো সিদ্ধান্তে ঘোরতর আপত্তি জানাতে পারে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলো।
এতে করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আসিয়ানের আরো ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার চেষ্টা ব্যাহত হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিএনবি/এলকিউ/২০৩৬ ঘ.
bdnews24