২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বন্দিশালায় সংঘর্ষে আল কায়েদা নেতাসহ নিহত ১৮

বাগদাদে সন্ত্রাসবাদ মোকাবেলা বিভাগের একটি বন্দিশালায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষে এক আল-কায়েদা নেতাসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

বাগদাদ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাগদাদে সন্ত্রাসবাদ মোকাবেলা বিভাগের একটি বন্দিশালায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষে এক আল-কায়েদা নেতাসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল কাসিম আল-মৌসাভি বলেন, নিহতদের মধ্যে 'বাগদাদের আমির' নামে পরিচিত এক আল-কায়েদা নেতা রয়েছেন। গত অক্টোবরে একটি ক্যাথলিক চার্চে হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি। ওই হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত হয়। মৌসাভি বলেন, বাগদাদের কারাদা জেলায় একটি সন্ত্রাসবাদ মোকাবেলা ইউনিটে এক বন্দি এক নিরাপত্তারক্ষীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে কয়েকজন নিরাপত্তরক্ষী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে হত্যা করে অন্য বন্দিদের অস্ত্র দিলে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। তিনি বলেন, "সন্ত্রাসবাদ মোকাবেলা বিভাগের একটি আটক কেন্দ্রে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর নিরাপত্তা বাহিনী ও নিরাপত্তারক্ষীরা অভিযান চালালে হুথাইফা আল-বাতাবিসহ (বাগদাদের আমির) ১১ বন্দি নিহত হয়।" সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত ও একজন আহত হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৫৬ ঘ.