২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেনের মৃত্যু 'নিশ্চিত' করেছে আল-কায়েদা

আল-কায়েদা ওসামা বিন লাদেনের মৃত্যু নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা এসআইটিই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ওয়াশিংটন, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল-কায়েদা ওসামা বিন লাদেনের মৃত্যু নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা এসআইটিই। ইসলামী চরমপন্থী সংগঠনগুলোর অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা সার্চ ফর ইন্টারন্যাশনাল টেরোরিস্ট এনটিটিজ (এসআইটিই) বলেছে, শুক্রবার জিহাদিস্ট ফোরামে আল-কায়েদার কাছ থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনের প্রধান বিন লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিন লাদেনের রক্ত 'বৃথা' যাবে না। এ মৃত্যু যুক্তরাষ্ট্রের জন্য 'অভিশাপ' হবে। দেশ ও বিদেশে আমেরিকান ও তাদের চররা ভয়ানক পরিণতির মুখে পড়বে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা অব্যাহত রাখারও ঘোষণা দেয় সংগঠনটি। "তাদের সন্তুষ্টি বেদনায় রূপ নেবে। অশ্র"তে মিশবে তাদের রক্ত। আল-কায়েদা বলেছে,"শেখ ওসামা যেখানে শহীদ হয়েছেন সেই পাকিস্তানের জনগণের প্রতি রুখে দাঁড়ানোর এবং এ লজ্জা মোচনের আহ্বান জানাচ্ছি।" সোমবার ভোররাতে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিন লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী। সকালে টেলিভিশন ভাষণে বিষয়টি বিশ্বকে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে পাকিস্তানের অনুমতি না নিয়ে সেখানে মার্কিন বাহিনীর অভিযান ও বিন লাদেনকে হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়। অ্যাবোটাবাদে সমবেত হাজারখানেক বিক্ষোভকারী টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় তারা স্লোগান দেয়, 'পতন হোক, যুক্তরাষ্ট্রের পতন হোক!', 'সন্ত্রাসী, সন্ত্রাসী, যুক্তরাষ্ট্র সন্ত্রাসী' এদিন বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায়ও মার্কিনবিরোধী বিক্ষোভ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২০০২ ঘ.