লস এঞ্জেলেস, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদেশি ভাষা ক্যাটাগরিতে প্রথম অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেন সোফিয়া লরেন। তার সেই পুরস্কার অর্জনের ৫০ বছর পূর্তি উদযাপন করতে বুধবার একত্রিত হয় হলিউডের প্রায় আটশ' অভিনয়শিল্পী ও পরিচালকসহ অন্যান্যরা।
অন্যান্যরা।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স আয়োজিত এ অনুষ্ঠানে আরো ছিলেন সোফিয়ার পরিবার ও সুহৃদরা।
১৯৬১ সালে প্রথমবারের মতো বিদেশি ভাষার চলচ্চিত্র 'টু উইমেন' (ইতালি)- এ অসামান্য অভিনয় করে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স (অস্কার) পুরস্কার জিতে নেন এ ইতালীয় অভিনেত্রী।
৭৬ বছর বয়সী সোফিয়া বুধবার বলেন, আমি কখনোই ভাবিনি ইতালিয়ান ভাষার চলচ্চিত্রে অভিনয় করে একজন ইতালীয় অভিনয়শিল্পী অস্কার জিতবে।
তিনি বলেন, অস্কার আমার জীবন সম্পূর্ণ বদলে দিয়েছে। এটা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং আমার শিল্পীস্বত্ত্বাকে উৎকর্ষের দিকে এগিয়ে নেওয়ার সাহস দিয়েছে।
১৯৯১ সালে অস্কারের আজীবন সম্মাননা পুরস্কারও জিতেছেন এ অভিনেত্রী। সঙ্গে পেয়েছেন 'বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্পদ' খেতাব। ইতালির জীবিত সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে খ্যাত সোফিয়া ৮০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
অনুষ্ঠানে ১৯৫০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত তার অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের জনপ্রিয় চরিত্রগুলোর অংশবিশেষ নিয়ে তৈরি ভিডিওচিত্র ও অন্যান্য ছবি দেখানো হয়।
এগুলোর মধ্যে রয়েছে 'ম্যারিজ ইতালিয়ান স্টাইল', 'এ স্পেশাল ডে', 'ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো', হলিউডের চলচ্চিত্র 'এল সিড' ও 'ম্যান অব লা মাঞ্চা'র মতো চলচ্চিত্রগুলো।
সোফিয়া বলেন, আমার মনের অবস্থা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা বিশ্বাস করা কঠিন যে আমার দেশে প্রথম অস্কারটি নিয়ে যাওয়ার পর ৫০ বছর কেটে গেছে।
সোফিয়ার সহঅভিনেতা ও সহকর্মীদের বেশির ভাগই আজ বেঁচে নেই। এদের মধ্যে রয়েছেন মার্সেলো মাস্ত্রোইআন্নি, গ্রেগ্ররি পেক, ফ্র্যাঙ্ক সিনাত্রা, চার্লটন হেস্টন, ক্যারি গ্র্যান্ট এবং প্রযোজক ও সোফিয়ার স্বামী কার্লো পন্টি।
২০০৯ সালে সোফিয়া অভিনীত চলচ্চিত্র 'নাইন'র পরিচালক রব মার্শাল বলেন, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিলো 'জীবনে দেখা সবচেয়ে বড় জাদু'।
এখনো টান টান দৈহিক সৌন্দর্য ধরে রাখা সোফিয়াকে আরেক অস্কারবিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস বলেন 'চিরন্তন, অকৃত্রিম সৌন্দর্য'।
অনুষ্ঠানে সোফিয়ার ছেলে এদোয়ার্দো পন্টি আবেগঘন কণ্ঠে বলেন, আমরা আজ এখানে এসেছি কারণ আমরা তোমাকে ভালোবাসি, এবং এসব কিছুই তোমার প্রাপ্য।
অনুষ্ঠানের উপস্থাপক আমেরিকান কৌতুক অভিনেতা ক্রিশ্চিয়ান কর্মজীবন নিয়ে সোফিয়ার সন্তুষ্টির কথা জানতে চাইলে চোখ মুছে তিনি বলেন, সবাই সবসময় ঠিক সময়ে ঠিক কাজটি করতে চায়। আমি আমার কাজ, আমার জীবন ভালোবাসি। আমি এ জন্যেই জন্মেছি।
তিনি বলেন, আমি দীর্ঘ সময় কাজ ছাড়া থাকলে অসুস্থ হয়ে পড়ি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫১০ ঘ.
bdnews24