ইসলামাবাদ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের গুলিতে অন্ততপক্ষে ৮ শিয়া মুসলিম নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
পুলিশসূত্রে শুক্রবার এ খবর জানা গেছে।
পুলিশ কর্মকর্তা হামিদ শাকিল জানান, শুক্রবার কোয়েটার একটি পার্কে শিয়া মুসলিম সম্প্রদায়ের ওই দলটি ব্যায়ামরত অবস্থায় গুলি বর্ষণের শিকার হয় বলে আল জাজিরা জানায়।
ইসলামাবাদের নিকটবর্তী সেনা শহর অ্যাবোটাবাদে সোমবার ভোরে মার্কিন কমান্ডো অভিযানে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর প্রথমবারের মতো দেশটিতে এ ধরনের বড় হামলা হলো।
পার্কটিতে সকালে শিয়া মুসলিম সম্প্রদায়ভুক্ত ওই মানুষগুলো ব্যায়াম করছিলো। এমন সময় হামলাকারীরা দুটি গাড়িতে করে এসে বেপরোয়া গুলি চালিয়ে তাদের হত্যা করে বলে শাকিল রয়টার্সকে জানান।
স্থানীয় অভিবাসীদের বরাত দিয়ে ওই কর্মকর্তা জানান, গুলি বর্ষণের আগে রকেট ছুঁড়েছে হামলাকারীরা।
পাকিস্তানে সুন্নি মুসলিমরা প্রায়ই শিয়া মুসলিমদের ওপর হামলা চালিয়ে থাকে।
এখনো পর্যন্ত এ হামলায় দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
পাকিস্তানে মোট জনসংখ্যা ১৭ কোটি। সুন্নি মুসলিম সংখ্যা গরিষ্ঠের দেশটিতে ২০ ভাগ শিয়া মুসলিম সম্প্রদায়ভুক্ত।
বিন লাদেনের মৃত্যুর পর সুন্নি জঙ্গিগোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে। অনেক সুন্নি মুসলিম গোষ্ঠীর সাথে আল কায়েদার সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৬ ঘ.
bdnews24