ওয়াশিংটন, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের ওসামা বিন লাদেনের আস্তানায় যখন অভিযান চলছিলো, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার চোখ ছিলো টেলিভিশনে। হোয়াইট হাউসে সহকর্মীদের নিয়ে পুরো অভিযান ভিডিওতে দেখছিলেন তিনি।
ইসলামাবাদের কাছেই অ্যাবোটাবাদ এলাকায় রোববার রাতে যুক্তরাষ্ট্রের ছোট একটি সৈন্যদলের অভিযানে প্রাণ হারান আল কায়দার শীর্ষ নেতা বিন লাদেন। ১০ বছর ধরে তাকে খোঁজা হলেও পাকিস্তানের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই লুকিয়ে ছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা জানায়, ওসামার আস্তানা চিহ্নিত হওয়ার পর রোববার অভিযানে সায় দিয়েছিলেন ওবামা। সে দিন কিছু সময় গলফ কোর্টে কাটিয়ে তারপর আসেন হোয়াইট হাউসে। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসসহ নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে এক সঙ্গে বসেন তিনি। সবাই দেখছিলেন, ওসামার আস্তানায় অভিযান।
"সময় যেন কাটছিলো না, প্রতিটি মিনিট যেন দিনের দৈর্ঘ্য নিয়েছিলো", ওই মুহূর্তের পরিস্থিতি এভাবেই বর্ণনা করেন ওবামার উপদেষ্টা জন ব্রেনান।
তিনি সাংবাদিকদের বলেন, "আমরা সবাই রুদ্ধশ্বাসে অভিযান দেখছিলাম। মনে হয়, সবার জীবনেই এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে।"
আল কায়দার শীর্ষ নেতা, যার মাথার দাম আড়াই কোটি ডলার, তাকে ধরার এ অভিযানের পরিকল্পনা আঁটা হয়েছিলো ২০০৯ সালে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা জানান, আল কায়দার শীর্ষস্থানীয় কোনো নেতা যে পাকিস্তানের ওই এলাকায় আশ্রয় নিতে চলেছেন, তা তখনি নিশ্চিত হওয়া গিয়েছিলো। কয়েক মাস পর সিআইএ প্রধান লিও প্যানেট্টা নিশ্চিত হন, ওসামাই সেই নেতা।
খবর নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট ওবামা তার উপদেষ্টাসহ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠক করেন ২০০৯ সালের ১৪ মার্চ। এরপর বেশ কয়েকটি বৈঠক হয়। শেষ বৈঠক হয় গত শুক্রবার রাতে, সিদ্ধান্ত হয় চূড়ান্ত।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর পাকিস্তানের গাজী ঘাঁটি থেকে সৈন্যদের বিশেষ একটি দল রওনা হয় অ্যাবোটাবাদের দিকে। হেলিকপ্টারে করে নামে ওই এলাকায় যেখানে লুকিয়ে ছিলেন আল কায়দা নেতা।
১০ বছর ধরে যাকে খোঁজা হচ্ছিলো, সেই বিন লাদেন মারা পড়েন ৪০ মিনিটের অভিযানে। তারপর মরদেহ নিয়ে যাওয়া হয় আফগানিস্তানের বাগরাম ঘাঁটিতে।
পুরো অভিযান দেখেই নাটকীয়ভাবে টেলিভিশনের পর্দায় হাজির হন প্রেসিডেন্ট ওবামা, ঘোষণা করেন আল কায়দার শীর্ষ নেতার মৃত্যুর খবর। তখন হোয়াইট হাউসের সামনে উল্লসিত জনতার ঢল।
টেলিভিশন ভাষণে ওবামা বলেন, বিন লাদেনের লাশ যুক্তরাষ্ট্রের হেফাজতে। তবে পরে জানানো হয়, আফগানিস্তানে ধর্মীয় আনুষ্ঠানিকতার পর সাগরে 'সমাহিত' করা হয় ওসামাকে।
জীবিত ওসামার মতো মৃত ওসামাতেও ভয় ছিলো যুক্তরাষ্ট্রের, তাই সমাহিত হওয়ার জন্য তিনি মাটি পেলেন না বলেই বিশ্লেষকরা মনে করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৩০ ঘ.
bdnews24